চট্টগ্রাম: রাজনৈতিক অস্থিরতা ও হরতাল আতংক নিয়ে দেশব্যাপী শুরু হওয়া ২০১৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ৮৭ টি কেন্দ্রে ৬৪ হাজার ১৭১ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। আর এ পরীক্ষায় হরতালের মত কোন ধরনের সহিংস কর্মসূচি না দিতে সব রাজনৈতিক দলের প্রতি আহবান জানিয়েছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। এদিকে প্রথম দিনের বাংলা প্রথম পত্রের পরীক্ষায় নগরীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আলী ও পরীক্ষা নিয়ন্ত্রক ড. পিযূষ দত্ত ও বোর্ড সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরীক্ষা নিয়ন্ত্রক ড. পিযূষ দত্ত জানান, সুশৃংখল ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষাবোর্ড সূত্র জানিয়েছে, ২০১৩ সালের এইচএসসিতে ১৯৮ টি প্রতিষ্ঠানের মানবিক বিভাগে ২০ হাজার ৯৪২, বিজ্ঞানে ১০ হাজার ৪০৩ জন এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৩২ হাজার ৮১৭ শিক্ষার্থী। এবছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ভর্তি পরীক্ষাথী নিয়মিত ৫১ হাজার ৪৪০, অনিয়মিত ১১ হাজার ৯৯৩, মানোন্নয়ন ৩৪৪ এবং ৩৯৪ জন পরীক্ষার্থী প্রাইভেট পরীক্ষা দিচ্ছেন। গত বছর এ বোর্ডের অধীনে অংশ নিয়েছিলেন ৫৪ হাজার ৪৫৩ জন। এ বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পরীক্ষার্থী বেড়েছে ৯ হাজার ৭১৮ জন বেড়েছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. পীযূষ দত্ত বাংলানিউজকে বলেন, ‘এ বছর ব্যবসায় শিক্ষা শাখায় সবচেয়ে বেশি শিক্ষার্থী অংশ নিচ্ছে।’ বোর্ড সূত্রে জানা গেছে, এবছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ১৯৮ টি প্রতিষ্ঠানের মোট ৬৪ হাজার ১৭১ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রের সংখ্যা ৩২ হাজার ১৪৪ জন এবং ছাত্রী হচ্ছে ৩২ হাজার ২৭ জন। চট্টগ্রাম নগরীতে ১৮টি ও জেলার ১৪ উপজেলায় ৩৬টি, রাঙামাটি জেলায় ৭টি, খাগড়াছড়িতে ৮, বান্দরবানে ৪ এবং কক্সবাজারে ১৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা নিয়ন্ত্রক ড. পিযূষ দত্ত বলেন,‘এবছর রাঙামাটি জেলায় একটি কেন্দ্র স্থগিত করা হয়েছে।’ বোর্ড সূত্র জানায়, এ বছর বাংলা প্রথম পত্র, রসায়ন প্রথম ও দ্বিতীয় পত্র, পৌরনীতি প্রথম ও দ্বিতীয় পত্র, ব্যবসায় নীতি ও প্রয়োগ প্রথম এবং দ্বিতীয় পত্রে সৃজনশীল প্রশ্ন দিয়ে শিক্ষার্থীরা পরীক্ষা দিবে। এর আগে এইচএসসিতে শুধু ২০১২ সালে শুধু বাংলা প্রথম পত্রের পরীক্ষা সৃজনশীল প্রশ্নে নেয়া হয়েছিল। এদিকে এবছরই প্রথম চট্টগ্রাম কারাগারে ২৯ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সহিংস তান্ডবে জামায়াত-শিবির বিভিন্ন কলেজের ছাত্রদের ব্যবহার করছিল। এ অপরাধে তাদের আটক করা হয়েছে। এ বিষয়ে ড. পিযূষ দত্ত বলেন,‘ সেখানেও পরীক্ষার যাবতীয় সরঞ্জামাদি সরবরাহ করা হয়েছে। সুষ্ঠুভাবেই তা অনুষ্ঠিত হচ্ছে।’ এদিকে শিক্ষার্থীদের ভোগান্তি ও মানসিক অবস্থা বিবেচনা করে এসময় হরতাল না দিতে আহবান জানিয়েছেন। এক অভিভাবক বলেন, ‘গত এসএসসি পরীক্ষায় হরতাল দেওয়া ছেলে-মেয়েদের অনেক ভোগান্তিতে পড়তে হয়েছে। আজকের শিক্ষার্থীরা আগামী দিনের সম্পদ। ওদের শিক্ষাজীবনের কথা চিন্তা করে পরীক্ষা চলাকালীন সময়ে হরতালের মত সহিংসত কর্মসূচি না দেওয়া উচিৎ।’ সোমবার থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষা ২৮ মে শেষ তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর ১ জুন থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। চলবে ১৪ জুন পর্যন্ত। পরীক্ষায় প্রতিবন্ধী শিক্ষার্থীরা অন্যদের তুলনায় অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এছাড়া নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে ১০ টি বিশেষ এবং ৪০টি সাধারণ পরিদর্শন টিম গঠন করা হয়েছে। তারা সার্বক্ষনিক পরীক্ষা হলগুলো মনিটরিং করছেন।
20130401003842.jpg)