Wednesday, 17 April 2013

রেলে নিয়োগ দুর্নীতি : মৃধাসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকের মামলা

চট্টগ্রাম: নিয়োগে দুর্নীতির অভিযোগে রেলওয়ের পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (ডিজি) ইউসুফ আলী মৃধাসহ ৫জনের বিরুদ্ধে চারটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার নগরীর কোতোয়ালি থানায় দুদক কর্মকর্তারা বাদি হয়ে এসব মামলা (নম্বর-৩৩,৩৪,৩৫ ‍ও ৩৬) দায়ের করেছেন। মামলার অন্য আসামীরা হলেন, রেলওয়ে পূর্বাঞ্চলের সিনিয়র ওয়েলফেয়ার অফিসার গোলাম কিবরিয়া, লালমনিরহাটে বাংলাদেশ রেলওয়ে সরকারি চিলড্রেন পার্ক উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চার শিক্ষক চন্দন কুমার রায়, সিনিয়র ডাটা এন্ট্রি অপারেটর মো. হামিদুল্লাহ এবং কার্পেন্টার মো. গিয়াস উদ্দিন।
দুদকের বিশেষ অনুসন্ধান তদন্ত দল-১ এর উপ-পরিচালক মো. নাসির উদ্দিন, দুদক ঢাকা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কামরুজ্জামান এবং উপ-সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান বাদী হয়ে এসব মামলা করেছেন। কোতোয়ালি থানার সহকারী উপ-পরিদর্শক রুহুল আমিন সংবাদ মাধ্যমকে জানান, রেলে নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রেলওয়ে পূর্বাঞ্চলীয় সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তিনি জানান, দুর্নীতির অভিযোগে দণ্ডবিধির ১৬৬/১৬৭/৪২০/৪৭৭(ক)/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ধারা ৫ এর ২ উপ-ধারায় এসব মামলা দায়ের করা হয়। মামলার এজহার সূত্রে জানা গেছে, রেলওয়ের পূর্বাঞ্চলের সাবেক ডিজি ও সিনিয়র ওয়েলফেয়ার অফিসার ক্ষমতার অপব্যবহার ও নিয়োগ পরীক্ষার উত্তর পত্র জালিয়াতির মাধ্যমে ফেল করা প্রার্থীদের চাকরি দিয়েছেন। এমনকি নিয়োগ পরীক্ষায় প্রথমস্থান অধিকারী প্রার্থীর টেবুলেশন শীট ঘষা-মাজা করে ফেল করা প্রার্থীদের অর্থের বিনিময়ে চাকরিতে নিয়োগ দেওয়ার অভিযোগ আছে।