চট্টগ্রাম, ডেস্ক রিপোর্ট : জামায়াত-শিবিরের ক্যাডারদের দেওয়া আগুনে পুড়ে নিহত ইজিবাইক চালক মো. মুছার দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় দ্বিতীয় দফা জানাজা শেষে নগরীর পূর্ব বাকলিয়া এলাকায় পারিবারিক কবর স্থানে তাকে সমাহিত করা হয়। আজ সোমবার সকাল ১০টায় নগরীর লালদিঘী ময়দানে মুছার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এতে সাংসদ নূরুল ইসলাম বিএসসি, নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিট থেকে তার মৃতদেহ চট্টগ্রামে আনা হয়।
এদিকে জানাজা শেষে মুছার পরিবার থেকে শুরু করে এলাকাবাসী ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে যথাযথ শাস্তির দাবি জানিয়েছেন।
গত ২৫ মার্চ বৃহত্তর চট্টগ্রামে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে গাড়ি নিয়ে রাস্তায় বের হওয়ার অপরাধে চালক মুছাসহ ব্যাটারি চালিত টমটমে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয় শিবির ক্যাডাররা।
জামায়াত-শিবিরের জ্বালাও পোড়াও রাজনীতির শিকার মুছার মৃত্যুতে শোকস্তব্দ তার পরিবার ও এলাকাবাসীও দারিদ্র্য মুছার হত্যাকারীদের বিচার চান।