চট্টগ্রাম, ডেস্ক রিপোর্ট : হেফাজতে ইসলামের লংমার্চের দিন চট্টগ্রামের কাজীর দেউড়িতে সময় টিভির গাড়ি ভাঙচুরসহ সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর হামলাকারীদের আগামী ৪৮ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছে চট্টগ্রামের কর্মরত সাংবাদিকরা।
একই সময় তাদের ব্যাপারে দলীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দলের প্রতি দাবি জানানো হয়েছে। দাবি পূরণ না হলে ১০ এপ্রিল প্রেসক্লাব থেকে কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে ‘চট্টগ্রামে কর্মরত সাংবাদিক সমাজ’র ব্যানারে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে সাংবাদিক নেতারা এ আল্টিমেটাম দেয়া হয়।
সাংবাদিক নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে, যা গণতন্ত্রের জন্য উদ্বেগের ঘটনা। সন্ত্রাসী ছাড়া গণতান্ত্রিক দলও যখন সাংবাদিকদের ওপর চড়াও হয় তখন নিরাপত্তাহীনতার বিষয়টি চলে আসে। তাই অবিলম্বে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের পাশাপাশি দলীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে ১০ এপ্রিলের সমাবেশ থেকে কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাবেক সাধারণ সম্পাদক নাজিমউদ্দিন শ্যামলের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিইউজের সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার, যুগ্ম-সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সিনিয়র সাংবাদিক হাসান ফেরদৌস, আবু সাঈদ জুবেরি, সুমি খান প্রমুখ।
