Saturday, 27 April 2013

চট্টগ্রামে জামায়াতের হরতাল : রাস্তায় নেমেছে গাড়ি, দোকানপাটও খুলছে

চট্টগ্রাম: বন্দরনগরী চট্টগ্রামে জামায়াতের ডাকা অর্ধদিবস হরতাল নিরুত্তাপভাবে চলছে। হরতাল উপেক্ষা করে রোববার ভোর থেকে রাস্তায় নেমেছে প্রচুর যানবাহন। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানও খুলতে শুরু করেছে। মানুষের জীবনযাত্রাও প্রায় স্বাভাবিক আছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির জাফর সাদেককে গ্রেপ্তারের প্রতিবাদে এ হরতালের ডাক দেয়া হয়েছে। হরতাল চলাকালে এ পর্যন্ত নগরী কিংবা জেলায় কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শুধু হরতাল শুরুর পর ভোরে নগরীর আসকার দিঘীর পাড়, এনায়েত বাজার মোড়, গোলপাহাড় এলাকায় টায়ার জ্বালানোর খবর পাওয়া গেছে।
এর বাইরে নগরীর কোথাও জামায়াত-শিবিরের পিকেটিং কিংবা মিছিল-সমাবেশের খবর পাওয়া যায়নি। নগর পুলিশের সহকারী কমিশনার (কোতয়ালী জোন) মির্জা সায়েম মাহমুদ সংবাদ মাধ্যমকে বলেন, ‘হরতাল শুরুর পর থেকে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। তবে আমরা সতর্ক আছি।’ নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো.শহীদুল্লাহ সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমার এলাকা বহদ্দারহাট, মুরাদপুরে, বায়েজিদ এলাকায় হরতালে কোন পিকেটিং নেই। যানবাহন স্বাভাবিকভাবে চলছে। বায়েজিদে অনেক শিল্পকারখানা খোলা আছে।’ নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) আরেফিন জুয়েল সংবাদ মাধ্যমকে বলেন, ‘দূরপাল্লার অনেক পরিবহন চট্টগ্রাম ছেড়ে যেতে দেখা গেছে।’ নগর পুলিশ সূত্রে জানা গেছে, হরতাল উপলক্ষে নগরীতে প্রায় এক হাজার সাত’শ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ভোরে নগরীর নিউমার্কেট, কাজির দেউড়িসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রাস্তায় সিটিবাস, মিনিবাস, হিউম্যান হলার, সিএনজি অটোরিক্সা, টেম্পুসহ প্রচুর যানবাহন নেমেছে। রিক্সা চলাচল পুরোপুরি স্বাভাবিক আছে। তবে ব্যক্তিগত যানবাহন চলাচল তুলনামূলকভ‍াবে কম দেখা গেছে। এছাড়া চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল কম থাকলেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কিছু কিছু যানবাহন চলছে বলে খবর পাওয়া গেছে। সকালেও ঢাকাসহ বিভিন্ন জেলার উদ্দেশ্যে নগরী থেকে বিচ্ছিন্ন কিছু যানবাহন ছেড়ে গেছে বলে খবর পাওয়া গেছে। ট্রেন চলাচল স্বাভাবিক আছে। নগরীর কাজির দেউড়ি এলাকায় সিএনজি অটোরিক্সা চালক হামিদসংবাদ মাধ্যমকে বলেন, ‘আমি ফতেয়াবাদ থেকে এসেছি। রাস্তায় কেউ বাধা দেয়নি। কোথাও জামায়াত-শিবিরের কাউকে দেখিনি।’ হরতাল চলাকালে চট্টগ্রামে সরকারী অফিস, সরকারী ও ব্যক্তি মালিকানাধীন শিল্প, কলকারখানা খোলা আছে। তবে সাভারের রানা প্লাজায় মর্মান্তিক ধসের পর বিজিএমইএ ও বিকেএমইএ’র সিদ্ধান্তে পোশাক কারখানা বন্ধ আছে। চট্টগ্রাম বন্দরের ভেতরে জাহাজ থেকে পণ্য উঠানামা স্বাভাবিক আছে। তুলনামূলক কম হলেও পণ্যবাহী পরিবহনও বন্দরে আসা-যাওয়া করছে বলে খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার নগরীর মেহেদিবাগ এলাকায় জামায়াত নেতাদের পরিচালিত ন্যাশনাল হাসপাতাল থেকে জামায়াত নেতা জাফর সাদেককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশের পর চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী ও লোহাগাড়ায় চালানো সহিংস তান্ডবের পরিকল্পনার অভিযোগ আছে।