চট্টগ্রাম: যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘হরতাল ও রাজনৈতিক অস্থিরতার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনে উন্নীত করণের কাজ বাধাগ্রস্ত হচ্ছে। এতে প্রকল্পের কাজ লক্ষ্যমাত্রার মধ্যে শেষ করা সম্ভব হচ্ছে না।’ শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনে উন্নীতকরণ প্রকল্পের অধীনে কন্ট্রাক্ট-৯ এর বিটুমিনাস কাজের উদ্বোধন শেষে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সাংবাদিকদের তিনি একথা বলেন।
যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এসময় দেশের অর্থনৈতিক ও জনস্বার্থে হরতাল ডাকা থেকে বিরত থাকার জন্য হরতাল আহবানকারী সংগঠনগুলোকে অনুরোধ জানান। তিনি বলেন, ‘হরতালের কারণে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করা দেওয়া হচ্ছে এবং খেটে খাওয়া মানুষদেরকে চরম কষ্ট দেওয়া হচ্ছে। তবে এ মহাসড়কের উন্নয়ন কাজ নিয়ে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, ‘আমরা অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে এ প্রকল্পের কাজ এগিয়ে নিচ্ছে। আশা করি যাবতীয় বাধা দূর করে এ প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে পারব।’ যোগাযোগ মন্ত্রী জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর অবস্থিত তিনটি সেতু চার লেন করার প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে। এছাড়া এ প্রকল্পের অধীনে ২৪৪টি কালভার্টের মধ্যে ২১৩টি নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এদিকে প্রকল্প পরিচালক স্বপন কুমার নাথ জানান, মহাসড়কের সীতাকুন্ড অংশের মীরের হাট বটতল থেকে কুমিরা বাইপাস সড়ক পর্যন্ত বিটুমিন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সীতাকুন্ড উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া, মীরসরাই উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ গিয়াসউদ্দিন, প্রকল্প পরিচালক স্বপন কুমার নাথ প্রমুখ।
