Thursday, 30 May 2013

চট্টগ্রামকে শূন্য অপরাধসম্বলিত এলাকা করার জন্য নতুন চারটি থানা

চট্টগ্রাম: বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীতে নতুন চারটি থানার কার্যক্রমের উদ্বোধনী বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গণতন্ত্রকে হত্যা করার পাঁয়তারা চলছে। ধর্ম আর মৌলবাদের মোড়কে গণতন্ত্রের বিরুদ্ধে প্রতিবন্ধকতা সৃষ্টির পাঁয়তারা হচ্ছে। এ মুহুর্তে সবার উচিৎ এ দুরভিসন্ধি সম্পর্কে সচেতন থেকে শেখ হাসিনাকে সমর্থন করা। ধর্মের মোড়কে থাকা স্বৈরতন্ত্রকে রুখতে হলে হাসিনাকে সমর্থন করা ছাড়া কোন বিকল্প নেই।’ তত্তাবধায়ক সরকারের আমলে জেলে যাবার প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জেলে যাবার অভিজ্ঞতা আমার আছে।

Monday, 27 May 2013

ফিশারিঘাটে ৪১ কেজি পিরানহা আটক

চট্টগ্রাম: নগরীর ফিশারিঘাট এলাকা থেকে বিক্রি নিষিদ্ধ ৪১ কেজি পিরানহা মাছ আটক করেছে মৎস অধিদপ্তর। একই সঙ্গে নিষিদ্ধ মাছ বিক্রি করার দায়ে ৫ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে জেলা মৎস অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে এসব মাছ আটক করে। মৎস মান নিয়ন্ত্রণ পরিদর্শক প্রণব দাশ সংবাদ মাধ্যমকে জানান, সোমবার সকাল ১০টার দিকে ফিশারিঘাট এলাকায় ‍অভিযান পরিচালনা করা হয়। এসময় বিক্রি নিষিদ্ধ ৪১ কেজি পিরানহা মাছ আটক করা হয়। একই সঙ্গে এসব মাছ বিক্রেতা বাহার উদ্দিনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রণব দাশ বলেন,‘অভিযানে মাছের ফরমালিকন পরীক্ষা করা হয়েছে। তবে ফরমালিন মেশানোর কোন প্রমাণ পাওয়া যায়নি।‘ এছাড়া পাহাড়তলী বাজারেও অভিযান পরিচালনা করা হয় বলে জানান তিনি।

Thursday, 23 May 2013

ইউরোপিয়ান ইউনিয়ন’র দেশসমূহ চট্টগ্রামে শিপ রিসাইক্লিং সেক্টরে বিনিয়োগে আগ্রহী : ২০ জুন গোলটেবিল বৈঠক

কে.এম রুবেল (চট্টগ্রাম) : ইউরোপিয়ান ইউনিয়ন’র দেশসমূহ চট্টগ্রামে শিপ রিসাইক্লিং সেক্টরে বিনিয়োগে আগ্রহী। এ ইউনিয়ন’র ১৮ টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে চিটাগাং চেম্বার ও নেদারল্যান্ডস্ দূতাবাসের যৌথ আয়োজনে আগামী ২০ জুন’১৩ ইং এ বিষয়ে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে।

Monday, 20 May 2013

এক মাস সমাবেশের অনুমতি পাবেনা কেউ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম: আগামী এক মাস কোন দলকে সভা-সমাবেশের অনুমতি দেয়া হবেনা বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর।   রোববার দুপুরে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় নতুন জোরারগঞ্জ থানা উদ্বোধন করার পর সাংবাদিকদের একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা অনুমতি নিয়ে সমাবেশকে দুর্বৃত্তদের হাতে তুলে দেন, জনসাধারণের উপর অত্যাচার করেন, নির্যাতন করেন, গাড়ি পোড়ান, ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর অত্যাচার করেন, দোকান লুট করেন, তাদেরকে ওই যুক্তিসঙ্গত বাধা-নিষেধ সাপেক্ষে সমাবেশ করার অধিকার স্বীকার করার শর্তেও আগামী এক মাস পর্যন্ত কোনো সমাবেশ কোনো দলকে আমরা করতে দেব না।’

Sunday, 19 May 2013

চট্টগ্রামে ছিনতাইকারীর কেবলে পড়ে জীবন গেলে গৃহবধূর

চট্টগ্রাম:  ছিনতাইকারীর কবলে পড়ে জীবন গেল এক গৃহবধূর। এ ঘটনায় তার কোলের সাত মাসের শিশু সন্তান আহত হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার সকালে বন্দর নগরীর হালিশহর বড়পোল এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম আনজুমান আরা (২৮) ।

Friday, 17 May 2013

শিবিরের সাবেক কর্মী এখন হেফাজতের ভলিন্টিয়ার ইনচার্জ

চট্টগ্রাম: চট্টগ্রাম আন্দরকিল্লা মোড় থেকে গ্রেফতার হওয়া হেফাজতে ইসলামের নেতা ড. মুহাম্মদ নছিম আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের আমলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছিলেন। প্রায় বছরখানেক আগে তাকে ইসলামিক স্টাডিজ বিভাগে প্রভাষক হিসেবে নিয়োগ দেয়া হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতা থাকার কারণে তার ব্যাপারে তীব্র আপত্তি ছিল বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের সপক্ষের শিক্ষকদের। কিন্তু তাদের আপত্তি অগ্রাহ্য করে তাকে শেষ পর্যন্ত প্রভাষক হিসেবে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ তার আমলে মুহাম্মদ নছিমকে নিয়োগ দেয়ার বিষয়টি স্বীকার করেছেন। তবে তিনি বলেন, ‘নছিম যে হেফাজতের নেতা, সেটা আমি জানি না।’

Wednesday, 15 May 2013

পটিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ৩ : আহত ৫


ডেস্ক রিপোর্ট : চট্টগ্রামের পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।
আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মালেক সওদাগর (৬৫) এবং মো. নুরু (৩৫)।

চট্টগ্রাম বন্দরে এলার্ট-৩, কার্যক্রম বন্ধ

ডেস্ক রিপোর্ট : ধেয়ে আসছে রুদ্রমূর্তি ধারণ করা সাইক্লোন ‘মহাসেন’। আবহাওয়া দফতর সমুদ্রবন্দরে ৭ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে। এ কারণে সোমবার জারি করা এলার্ট-২ নামিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বুধবার সকাল থেকে জারি করেছে এলার্ট-৩। বেলা ১২টা থেকে বন্দর চ্যানেলে জাহাজ চলাচল, জেটিতে জাহাজ ভিড়ানো বন্ধের পাশাপাশি পণ্য উঠানামাসহ সব অপারেশনাল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

Monday, 13 May 2013

১২০০ কিলোমিটার দূরে মহাসেন, পরিস্থিতি মোকাবেলায় চট্টগ্রামে ব্যাপক প্রস্তুতি

চট্টগ্রাম: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মহাসেন’ এর আঘাত থেকে জীবন ও সম্পদ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইতিমধ্যে এসব পদক্ষেপ বাস্তবায়নে প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। প্রস্তুতি পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা ও উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, উপকূলীয় অঞ্চলের মানুষদের জন্য চট্টগ্রামে ৪৭৯টি আশ্রয়কেন্দ্র চালু আছে। দুর্যোগ মোকাবেলায় ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির পাঁচ হাজার সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।

Sunday, 12 May 2013

নিলামে উঠছে রানা প্লাজার চার গার্মেণ্টসের আমদানি পণ্য

চট্টগ্রাম: সাভারে ধসে পড়া রানা প্লাজার চারটি পোশাক কারখানার জন্য বন্ড সুবিধায় আনা ৩০টি আমদানি চালানের খালাস প্রক্রিয়া বন্ধ (বিন লক) করে দিয়েছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। ফলে ফেব্রিক্স কাপড়ের এসব চালান চট্টগ্রাম বন্দর থেকে কারখানার মালিক বা অন্য কেউ খালাস নিতে পারবে না। তবে চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার (এসি) আবুল আ’লা মোহাম্মদ আমীমুল এহসান খান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে কারখানা স্থানান্তর করে উ‍ৎপাদন কার্যক্রম চালু করা হলে সংশ্লিষ্ট আমদানিকারক প্রতিষ্ঠান চালান খালাসের অনুমতি পাবে। অন্যথায় এসব চালান নিলামে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।

Saturday, 11 May 2013

চট্টগ্রামের পাহাড়ে ঘরের দখল রক্ষায় ঝুঁকিপূর্ণ বসবাস


চট্টগ্রাম: পাহাড়ের পাদদেশে খুপড়ি মতন ছোট্ট একটি ঘর। সেখানেই পরিবার নিয়ে বসবাস। টানা বৃষ্টির এ মৌসুমে তাদের প্রতিটি মুহূর্ত কাটে অনিশ্চয়তায়। সঙ্গে আছে মৃত্যুর হাতছানি। যেকোন মুহূর্তে পাহাড় ধসে পড়তে পারে ছোট্ট ঘরটির উপর। মুহূর্তেই নিভে যেতে পারে প্রাণ প্রদীপ! জীবন নিয়ে এত শঙ্কা! তারপরেও ঝুঁকিপূর্ণ বসত ঘর ছাড়তে রাজি নন ওদের অনেকেই! চট্টগ্রাম নগরীর ঝুঁকিপূর্ণ এসব পাহাড়ে বছরের পর বছর ধরে বসবাস করে আসছেন তারা।

Friday, 10 May 2013

হেফাজতের তাণ্ডব : তদন্ত কমিশন গঠনের দাবি শাহরিয়ার কবিরের

চট্টগ্রাম: গত ৫ মে রাজধানী ঢাকাজুড়ে হেফাজতে ইসলামের তান্ডবের ঘটনায় তদন্ত কমিশন গঠনে সরকারের প্রতি আহবান জানিয়েছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির (ঘাদানিক) ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির। এ কমিশনের মাধ্যমে হেফাজতের স্বরূপ চিহ্নিত করার দাবি জানান তিনি। একই সঙ্গে তাদের কর্মকান্ডের শ্বেতপত্র প্রকাশের অনুরোধ জানানো হয়। শুক্রবার বিকেলে চট্টগ্রাম শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।  শহীদ জননী জাহানার ইমামের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া কামারুজ্জামানের ফাঁসির রায় প্রসঙ্গে সভার প্রধান আলোচক শাহরিয়ার কবির বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে দেয়া অন্য তিনটি রায়ের চেয়ে কামারুজ্জামানের রায় অনেক বেশি তাৎপর্যপূর্ণ। কেননা এ রায়ের মাধ্যমে একাত্তরের গণহত্যায় কামারুজ্জামানের ‘কমান্ড অব রেসপন্সিবেলিটি’ প্রমাণিত হয়েছে।’ তিনি বলেন,‘একই দায় জামায়াতের সাবেক আমীর গোলাম আযমের ওপরেও বর্তায়।’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরেণ্য সাংবাদিক আবেদ খান।

ঘাদানিক চট্টগ্রাম বিভাগীয় কাউন্সিলর শওকত বাঙালীর পরিচালনায় সভায় চট্টগ্রাম মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার শাহাবউদ্দিন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী, প্রজন্ম একাত্তরের সভাপতি সাইফুদ্দিন খালেদ বাহার এবং সাবেক ছাত্রনেতা সীমান্ত তালুকদার বক্তব্য দেন। মুক্তিযুদ্ধ গবেষক শাহরিয়ার কবির বলেন, ‘৫মে ঘিরে যে ষড়যন্ত্র হয়েছে, গত ৪২ বছরের মধ্যে রাষ্ট্রের বিরুদ্ধে এতবড় ষড়যন্ত্র আর হয়নি। হেফাজতের আমীর আল্লামা আহমদ শফী, মহাসচিব জুনায়েদ বাবুনগরীসহ অন্যান্য নেতারা এ দায় এড়াতে পারেন না। কেননা তারা মহাসমাবেশের নামে এবং সরকার পতনের নামে এ তান্ডবের ক্ষেত্র তৈরি করেছেন।’ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও এ ঘটনার দায় কোনো ভাবে এড়াতে পারেন না বলেও উল্লেখ করেন শাহরিয়ার কবির। তিনি বলেন, ‘বিরোধী দলীয় নেত্রী ওইদিনের ঘটনার জন্য হেফাজতে ইসলামকে সবুজ সংকেত দিয়েছেন ৪৮ ঘণ্টার নামে। ৫মে তান্ডব চলাকালে হেফাজতের সমর্থনে ঢাকাবাসীকে রাজপথে আসার আহবান ও নেতকর্মীদের নির্দেশ দেন।’ তিনি বলেন, ‘পাখিরা ঘরে ফিরে গেছেন। পাখিদের নিয়ে রাজনীতি করা যাবে না। আপনার (খালেদা জিয়া) পাশে আছে এখন শকুন পাখি।’ গণজাগরণের কর্মীদেরকে ফিনিক্স পাখি আখ্যায়িত করে শাহরিয়ার কবির বলেন,‘গণজাগরণের তরুণরা ফিনিক্স পাখি। তাদেরকে যত ধ্বংস করবেন, তত সৃষ্টি হবে।’ যেকোন মূল্যে চট্টগ্রামে গণজাগরণ মঞ্চের সমাবেশের ঘোষণা দেন তিনি। বায়তুল মোকারম মসজিদ এলাকায় কোরআন-হাদীস পুড়িয়ে দেয়ার ঘটনায় জামায়াত-শিবির জড়িত দাবি করেন এ গবেষক। শাহরিয়ার কবির বলেন, ‘এ উপমহাদেশে পবিত্র কোরআন-হাদীস পোড়ানোর রেকর্ড আছে একমাত্র জামায়াতের।’

বিশিষ্ট সাংবাদিক আবেদ খান বলেন, ‘এ দেশের মাটিতে স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার কোনো অধিকার নেই। পৃথিবীর সব দেশে স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার সাংবিধানিকভাবে নিষিদ্ধ।’ তিনি বলেন,‘জামায়াতের প্রধান প্রতিপক্ষ বিএনপি। বিএনপিকে বধ করতে পারলেই তারা অন্যতম রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে। আর বিএনপি ক্রমশ শক্তিহীন হয়ে পড়ছে। আর জামায়াত বিএনপির রক্ত চুষে শক্তিশালী হয়ে উঠছে।’ আবেদ খান বলেন, `হেফাজতে ইসলাম মুক্তিযুদ্ধ-নারী-তরুণ প্রজন্ম ও সরকারের সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তবে এ যুদ্ধে তারা জিততে পারবে না।`

Wednesday, 8 May 2013

জামায়াতের ঘাঁটি থেকে হেফাজতের লিফলেট উদ্ধার, আটক ৪

 চট্টগ্রাম: জামায়াতের শীর্ষ নেতা কামারুজ্জামানের মানবতা বিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার আগের দিন নগরীর কোতয়ালী থানার চন্দনপুরা এলাকায় দারুল উলুম আলিয়া মাদ্রাসায় বুধবার সন্ধ্যায় ঘণ্টাব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এসময় পুলিশ মাদ্রাসা থেকে গজারি কাঠের লাঠি, লোহার রড, পেট্রল, জামায়াত নেতাদের মুক্তির দাবিসম্বলিত পোস্টার, প্রচারপত্রসহ শিবির কর্মী সন্দেহে চারজনকে আটক করেছে। এছাড়া মাদ্রাসার ভেতর থেকে কয়েকটি বাক্সে রাখা বিপুল পরিমাণ হেফাজতে ইসল‍ামের লিফলেটও উদ্ধার করেছে পুলিশ।

Monday, 6 May 2013

চট্টগ্রামে সুবর্ণ এক্সপ্রেসের পাঁচটি বগিতে আগুন

চট্টগ্রাম : মঙ্গলবার সকালে চট্টগ্রাম স্টেশনে আন্তনগর সুবর্ণ এক্সপ্রেসের পাঁচটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বগি পাঁচটি প্রায় পুরোটাই পুড়ে গেছে।পুলিশ স্টেশন থেকে সন্দেহভাজন দুই জনকে আটক করেছে।    
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর ৪টা ৫০ মিনিটে দুর্বত্তরা ট্রেনের পাঁচটি বগিতে আগুন ধরিয়ে দেয়। সকাল ৭টায় সবর্ণ এক্সপ্রেসের ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওযার কথা ছিল।  
আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, তাদের দুটি ইউনিটের ছয়টি গাড়ি এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস কর্মীদের বলছেন, বগিগুলোতে পেট্রোল ঢেলে আগুন দেয়া হয়। পেট্রোল রাখা হয়েছিল এমন একটি প্লাস্টিকের বোতলও ঘটনাস্থলে পাওয়া গেছে বলে জসিম উদ্দিন জানান।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহা ব্যবস্থাপক তাফাজ্জল হোসেন বলেন, নাশকাতা সৃষ্টির জন্যই ট্রেনে এভাবে আগুন দেয়া হয়েছে বলে আমরা মনে করছি। পুলিশ স্টেশন থেকে সন্দেহভাজন দুই জনকে আটক করেছে। তিনি জানান, সুবর্ণ এক্সপ্রেসের যাত্রা বাতিল হচ্ছে না। পুড়ে যাওয়া বগিগুলো বাদ দিয়ে নতুন বগি সংযুক্ত করে দেরিতে হলেও ট্রেন ছাড়বে।

হাটহাজারী মাদ্রাসায় আহমদ শফী

চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারীতে দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসায় পৌঁছেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী। তিনি ওই মাদ্রাসার অধ্যক্ষ। সোমবার রাত ৮টায় কঠোর নিরাপত্তায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেবার পর রাত ৯টা ১০ মিনিটে আহমদ শফী মাদ্রাসায় পৌঁছান। শফীর সঙ্গে বিমানবন্দর থেকে রওনা দেয়া তার ছাত্র মাহমুদুল হাসান সংবাদ মাধ্যমকে বলেন, ‘হুজুর নিরাপদে মাদ্রাসায় পৌঁছেছেন।

Sunday, 5 May 2013

মতিঝর্ণা পাহাড় : ঝুঁকির ব্যাপারে জেলা প্রশাষক ও কাউন্সিলরের ভিন্ন মন্তব্য

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ঝুঁকিপূর্ণ পাহাড়ের উপর ও পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের দ্রুত অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবদুল মান্নান। তিনি তাদেরকে নিরাপদ স্থান ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করার পরামর্শ দেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর লালখান বাজার এলাকার ঝুঁকিপূর্ণ মতিঝর্ণা পাহাড় পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন। জেলা প্রশাসক আবদুল মান্নান এসময় আশপাশের অন্যান্য ঝুঁকিপূর্ণ পাহাড় পরিদর্শন করেন। পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম আবদুল কাদের ও রাব্বী মিয়া (এলএ)। এদিকে ঝুঁকিপূর্ণ ‍পাহাড় থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শনিবার বিকেল থেকে মাইকিং করা হয়েছে। লোকজনকে নিরাপদ অবস্থানে সরে যেতে বলা হয়েছে।

সাভার ট্র্যাজেডি নিয়ে রাজনীতি করছে বিরোধী দল : নুরুল ইসলাম বিএসসি

চট্টগ্রাম : মে সরকারের সাফল্যকে ব্যর্থ করতে বিরোধীদল বিভিন্ন গোষ্ঠিকে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম- আসনের সাংসদ নুরুল ইসলাম বিএসসি

বৃহস্পতিবার বিকেলে নগরীর মুসলিম ইনষ্টিটিউট হলে চট্টগ্রাম- আসন এলাকার বিভিন্ন মসজিদ-মন্দির শিক্ষা প্রতিষ্ঠানে আইপিএস কম্পিউটার বিতরণকালে তিনি কথা বলেন

Saturday, 4 May 2013

এবারের বর্ষায়ও মুক্তি মিলছেনা নগরবাসীর

চট্টগ্রাম: শুকনো মৌসুম জুড়ে খাল, নালা-নর্দমা পরিস্কারের নামে মাটি কাটার মহোৎসব আর কোটি কোটি টাকার শ্রাদ্ধ হলেও জলাবদ্ধতা থেকে মুক্তি মিলছেনা নগরবাসীর। মেয়র এম মনজুর আলম বারবার প্রতিশ্রুতি দিলে কার্যত জলাবদ্ধতা নিরসনে কার্যকর কোন পদক্ষেপ নিতে পারেনি সিটি কর্পোরেশন। ফলে আসন্ন বর্ষা মৌসুমেও জলাবদ্ধতার হাত থেকে মুক্তি মিলছেনা নগরবাসীর। শনিবার মাত্র এক ঘণ্টার বৃষ্টিতে নগরীর অধিকাংশ নীচু এলাকা তলিয়ে যাওয়ার ঘটনা আগামী বর্ষা মৌসুমেও নগরবাসীর দুর্ভোগ থেকে মুক্তি না মেলার বার্তা দিয়েছে। অভিযোগ আছে, সিটি কর্পোরেশন প্রতিবছর ঢাকঢোল পিটিয়ে খাল, নালা-নর্দমা থেকে মাটি উত্তোলন করে সেগুলো দ্রুত অপসারণ না করে জমা করে রাখ‍া হয় খাল বা নালার পাড়েই। দীর্ঘসময় ধরে মাটি কিংবা আবর্জনাগুলো সেখানে পড়ে থাকার পর এক সময় গড়িয়ে আবারও খাল-নালায় গিয়ে পড়ে। মেয়রের অদক্ষতা এবং সঠিক নজরদারির অভাবে সিটি কর্পোরেশনের এক শ্রেণীর দুর্নীতিবাজ কর্মকর্তা বছরের পর বছর ধরে এভাবেই জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের নামে নগরবাসীর সঙ্গে প্রতারণা করে যাচ্ছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

Friday, 3 May 2013

এ দেশ জামায়াত আর হেফাজতের নয়, এ দেশ আমাদের : গণজাগরণ মঞ্চে নারী নেত্রীরা

চট্টগ্রাম: চট্টগ্রামে গণজাগরণ মঞ্চে হেফাজতে ইসলামের বিরুদ্ধে মহাসমাবেশে নারী নেত্রীরা বলেছেন, ‘ধর্মের নাম দিয়ে কেউ নারীদের অপমান করলে সেটা বাংলাদেশের নারীসমাজ মেনে নেবেনা। এ দেশ জামায়াত কিংবা হেফাজতের নয়, এ দেশ আমাদের। এ দেশ নারী-পুরুষ, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার। ধর্মের নামে রাজনীতি অতীতেও বাংলাদেশের মানুষ গ্রহণ করেনি, ভবিষ্যতেও করবেনা।’ মহাসমাবেশ থেকে নারীনেত্রীরা ৫ মে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচী প্রত্যাহারেরও আহবান জানিয়েছেন। শুক্রবার বিকেল ৪টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে হেফাজতে ইসলামের ১৩ দফা দাবির বিরুদ্ধে সম্মিলিত নারী সমাজ, চট্টগ্রাম এর মহাসমাবেশ শুরু হয়।

Thursday, 2 May 2013

জুলাই থেকে বাতিল হচ্ছে পিএসআই প্রথা

চট্টগ্রাম: শুল্কায়ন পদ্ধতি ও আমদানি পণ্য মূল্যায়নে বহুল আলোচিত প্রি-শিপম্যান্ট ইন্সপেকশান (পিএসআই) প্রথা আগামী ১ জুলাই থেকে বাতিল হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো.গোলাম হোসেন। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে আয়োজিত প্রাক বাজেট মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা জানান অভ্যন্তরীন সম্পদ বিভাগের সচিব ও রাজস্ব বোর্ডের চেয়ারম্যান গোলাম হোসেন।

Wednesday, 1 May 2013

সাভার দূর্ঘটনা : বাংলাদেশ মানবাধিকার কমিশনের মানববন্ধন অনুষ্ঠিত

চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, সাভার দুর্ঘটনা দেশের ইতিহাসে একটি কালো অধ্যায় হয়ে থাকবে।
এই ঘটনায় প্রকৃত দোষীরা যাতে আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে না পারে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।

ইস্কন রাধামাধব মন্দির রক্ষার দাবিতে মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি : আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন), চট্টগ্রামের উদ্যোগে রাধামাধব মন্দির রক্ষার দাবিতে প্রেস ক্লাব চত্বরে গতকাল মঙ্গলবার মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে সভাপতির বক্তব্যে লীলারাজ গৌর দাস ব্রহ্মচারী বলেন, চট্টগ্রামের নন্দনকাননস্থ এন.এন.পাল পরিবারের পারিবারিক বিগ্রহ ‘শ্রী শ্রী রাধামাধব’ এবং বিগ্রহের নামে উৎসর্গীকৃত ভবনটি পরিবারের সম্মতিতে ১৯৮০ সালে ইস্কনকে প্রদান করে দখল বুঝিয়ে দেয়া হয়।