Sunday, 19 May 2013

চট্টগ্রামে ছিনতাইকারীর কেবলে পড়ে জীবন গেলে গৃহবধূর

চট্টগ্রাম:  ছিনতাইকারীর কবলে পড়ে জীবন গেল এক গৃহবধূর। এ ঘটনায় তার কোলের সাত মাসের শিশু সন্তান আহত হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার সকালে বন্দর নগরীর হালিশহর বড়পোল এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম আনজুমান আরা (২৮) ।
জানা যায়,  গ্রামের বাড়ি বরিশাল যাওয়ার উদ্দেশ্যে সকালে আনজুমান আরা তার শিশু সন্তানসহ হাজিপাড়ার বাসা থেকে একটি ইজিবাইকে করে যাচ্ছিল। আগে থেকেই ওৎ পেতে থাকা ছিনতাইকারীদের একটি অটোরিকশা ইজিবাইকের পাশ ঘেষে যাচ্ছিল।
সুযোগ বুঝে ছিনতাইকারী মহিলার ব্যাগ ধরে টান দিলে মহিলা গাড়ি থেকে পড়ে যান। এ সময় তাঁর কোলে থাকা সাত মাসের কন্যাসন্তানও রাস্তায় পড়ে যায় এবং শিশুটি মাথায় আঘাত পেয়েছে।
পরে স্থানীয়রা মারাত্মক আহত অবস্থায় আনজুমান আরাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। নিহত আনজুমান আরা আগ্রাবাদের হাজিপাড়া এলাকার মো. কামরুজ্জামানের স্ত্রী।
হালিশহর থানার ওসি শাহজাহান কবির বলেন, ছিনতাইকারী ব্যাগ ধরে টান দিলে ভারসাম্য রাখতে না পেরে হয়তো ওই নারী কোলের শিশুসহ পড়ে যান। চমেক হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, শিশুটি মাথায় আঘাত পেয়েছে। তবে আঘাত গুরুতর নয়।