Thursday, 23 May 2013

ইউরোপিয়ান ইউনিয়ন’র দেশসমূহ চট্টগ্রামে শিপ রিসাইক্লিং সেক্টরে বিনিয়োগে আগ্রহী : ২০ জুন গোলটেবিল বৈঠক

কে.এম রুবেল (চট্টগ্রাম) : ইউরোপিয়ান ইউনিয়ন’র দেশসমূহ চট্টগ্রামে শিপ রিসাইক্লিং সেক্টরে বিনিয়োগে আগ্রহী। এ ইউনিয়ন’র ১৮ টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে চিটাগাং চেম্বার ও নেদারল্যান্ডস্ দূতাবাসের যৌথ আয়োজনে আগামী ২০ জুন’১৩ ইং এ বিষয়ে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে।
এর প্রস্তুতি সভা ২২ মে সকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে চেম্বার সভাপতি মাহবুবুল আলম, সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, নেদারল্যান্ডস্’র ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন্স-এশিয়া (এফএমও)’র সিনিয়র ইনভেস্টমেন্ট অফিসার রোজার হেনিকেনস্ (জড়মবৎ ঐবহহবশবহং), এনভায়রনমেন্টাল এন্ড সোস্যাল স্পেসালিস্ট পেশান্স মায়াকী (চধঃরবহপব গধুধশর), দূতাবাসের ইকনোমিক এন্ড কমার্শিয়াল এ্যাফেয়ার্স এডভাইজার মন্নুজান খানম, চেম্বার পরিচালকবৃন্দ মাজহারুল ইসলাম চৌধুরী, মাহফুজুল হক শাহ, মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), মোঃ জহুরুল আলম, আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর, বেলাল আহমেদ, মাহফুজুর রহমান, মোরশেদ আরিফ চৌধুরী, প্রাক্তন পরিচালক মোহাম্মদ শাহিন আলম, বাংলাদেশ শিপ ব্রেকার্স এসোসিয়েশন’র সভাপতি হেফাজেতুর রহমান, সচিব এ. কে. এম. নাজমুল ইসলাম, ক্যাপ্টেন এম. এস. মাওলা, ক্যাপ্টেন এম. এনাম চৌধুরী, মাস্টার আবুল কাশেম, আবু তাহের এবং ইস্টার্ন ব্যাংক’র ইউনিট প্রধান রিটন বড়–য়া বক্তব্য রাখেন। 
আলোচনাকালে রোজার হেনিকেনস্ বলেন-ডাচ ডেভেলাপমেন্ট ব্যাংক স্থানীয় ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে  কৃষি ও জ্বালানি খাতে প্রায় ২৬০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। বর্তমানে শিপ রিসাইক্লিং সেক্টরের অপার সম্ভাবনার কারণে নেদারল্যান্ডস্ এ শিল্পের উন্নয়নে বিনিয়োগে অত্যন্ত আগ্রহী। তাই এ সেক্টরের সমস্যাসমূহ চিহ্নিত করে তা দূরীকরণের উপায় উদ্ভাবন ও এ সংক্রান্ত বিনিয়োগের কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য শিল্প সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে চিটাগাং চেম্বারের সহযোগিতায় আগামী ২০ জুন একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হচ্ছে। এ সময় পেশান্স মায়াকী শিপ ব্রেকিং ইয়ার্ডগুলোর উৎপাদনশীলতা বৃদ্ধি ও কর্মপরিবেশ উন্নয়নে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার, শ্রমিকদের প্রশিক্ষণ, বাসস্থান ও সুস্বাস্থ্য নিশ্চিত করার  লক্ষ্যে তারা এ খাতে বিনিয়োগ করবেন বলে উল্লেখ করেন এবং এক্ষেত্রে সত্যিকার অবস্থা পর্যালোচনা করে সঠিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে বলে জানান।
চেম্বার সভাপতি মাহবুবুল আলম সভার শুরুতে বিশ্বের শিপ রিসাইক্লিং শিল্পের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন। তিনি আগামী গোলটেবিল বৈঠকে এ শিল্পের সক্ষমতা, দুর্বলতা, সম্ভাবনা ও বাধাসমূহ চিহ্নিত করে সকলের মতামতের ভিত্তিতে একটি সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা হলে তা বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন। সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ শিপ ইয়ার্ডের শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা বিশেষ করে গ্যাসজনিত বিস্ফোরণে শ্রমিক মৃত্যুর হার শূণ্যের কোটায় নামিয়ে আনার জন্য ব্যবস্থা গ্রহণ করা জরুরী বলে মত প্রকাশ করেন। শিপ ব্রেকার্স এসোসিয়েশন’র সভাপতি হেফাজেতুর রহমান ব্যাংক ঋণের উচ্চ সুদের কারণে এ শিল্পের কাংখিত প্রবৃদ্ধি অর্জন ও শ্রমিকদের জীবন মানের উন্নয়ন করা সম্ভব হচ্ছে না বলে উল্লেখ করে ব্যাংক ঋণের সুদের হার কমানোর উপর গুরুত্বারোপ করেন। ক্যাপ্টেন এম. এনাম চৌধুরী  এ শিল্পের মাধ্যমে প্রায় ৩৫ লক্ষ লোকের কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের মোট লৌহ চাহিদার প্রায় ৭৩% পূরণ করা সম্ভব হচ্ছে বলে তথ্য প্রকাশ করেন।