Monday, 6 May 2013

হাটহাজারী মাদ্রাসায় আহমদ শফী

চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারীতে দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসায় পৌঁছেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী। তিনি ওই মাদ্রাসার অধ্যক্ষ। সোমবার রাত ৮টায় কঠোর নিরাপত্তায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেবার পর রাত ৯টা ১০ মিনিটে আহমদ শফী মাদ্রাসায় পৌঁছান। শফীর সঙ্গে বিমানবন্দর থেকে রওনা দেয়া তার ছাত্র মাহমুদুল হাসান সংবাদ মাধ্যমকে বলেন, ‘হুজুর নিরাপদে মাদ্রাসায় পৌঁছেছেন।
পুলিশ হাটহাজারী থানা পর্যন্ত এসেছিল। এরপর মাদ্রাসার ছাত্ররা হুজুরকে নিয়ে এসেছেন। পুলিশ আর আসেনি।’এর আগে রাত ৮টায় তাকে বহনকারী একটি সাদা মাইক্রোবাস চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাটহাজারী মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেয়। মাইক্রোবাসের আগে পেছনে ৠাব ও পুলিশের একাধিক গাড়ি ছিল। শফীকে বহনকারী গাড়িতে চালকসহ মোট ৯ জন ছিল।

সোমবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে আহমদ শফীকে বহনকারী বেসরকারী রিজেন্ট এয়ারওয়েজের ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এর আগে আবহাওয়ার কারণে কয়েক দফা যাত্রা বিঘ্নিত হওয়ার পর ফ্লাইটটি সন্ধ্যা পৌনে সাতটার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বিকেল সাড়ে তিনটায় ফ্লাইটটি ছাড়ার কথা থাকলেও চট্টগ্রামের আবহাওয়া খারাপ থাকায় পাঁচ দফা তার ফ্লাইট পেছানো হয়। পুরো সময় বিমানবন্দরেই বসে থাকেন আল্লামা শফী। তার সঙ্গে হেফাজতের আরো দু’জন নেতা ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছান। এরা হলেন, আল্লাম‍া শফীর ছেলে আনাস মাদানি এবং ব্যক্তিগত সহকারী শফিউল ইসলাম।