ডেস্ক রিপোর্ট : ধেয়ে আসছে রুদ্রমূর্তি ধারণ করা সাইক্লোন ‘মহাসেন’। আবহাওয়া দফতর
সমুদ্রবন্দরে ৭ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে। এ কারণে সোমবার জারি করা
এলার্ট-২ নামিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বুধবার সকাল থেকে জারি করেছে
এলার্ট-৩। বেলা ১২টা থেকে বন্দর চ্যানেলে জাহাজ চলাচল, জেটিতে জাহাজ ভিড়ানো
বন্ধের পাশাপাশি পণ্য উঠানামাসহ সব অপারেশনাল কার্যক্রম বন্ধ ঘোষণা করা
হয়েছে।
চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ জানান, বন্দরে
ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে।
দেশী-বিদেশী জাহাজগুলোকে নিরাপদ স্থানে অবস্থানসহ প্রয়োজনীয় নির্দেশনা দেয়া
হয়েছে। সমুদ্র বন্দরে ৭ নম্বর সতর্কতা সংকেত জারি করায় বন্দরে এলাটর্-২
এর পরিবর্তে এলার্ট-৩ জারি করা হয়েছে।
‘মহাসেন’ মোকাবেলায় বন্দর কর্তৃপক্ষ প্রস্তুতির অংশ হিসেবে
কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল এবং দুর্যোগ মোকাবেলায় তাদের প্রস্তুত
থাকতে নির্দেশ দিয়েছে। সার্বক্ষণিক যোগাযোগের জন্য দুটি কন্টোল রুম খোলা
হয়েছে।
সূত্র মতে, মঙ্গলবার বিকাল পর্যন্ত চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গরে ৬০টি ও জেটিতে ১১টি জাহাজ অবস্থান করছিল।
এদিকে, সকাল থেকে চট্টগ্রামে থেমে থেমে মাঝারি থেকে প্রবল বৃষ্টিপাত
অব্যাহত রয়েছে। সকাল থেকে সূর্যের দেখা মেলেনি। মেঘলা আকাশে গুমোট আবহওয়ায়
হালকা থেকে মাঝারি গতির দমকা বাতাসও প্রবাহিত হচ্ছে। মহাসেন ক্রমশঃ
নিকটবর্তী হবার খবরে ব্যাপক প্রস্ততির পাশাপাশি উপকূল ও দ্বীপজুড়ে
মানুষজনের মধ্যে ছড়িয়ে পড়ছে তীব্র আতঙ্ক।
