চট্টগ্রাম: আগামী এক মাস কোন দলকে সভা-সমাবেশের অনুমতি দেয়া হবেনা বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। রোববার দুপুরে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় নতুন জোরারগঞ্জ থানা উদ্বোধন করার পর সাংবাদিকদের একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা অনুমতি নিয়ে সমাবেশকে দুর্বৃত্তদের হাতে তুলে দেন, জনসাধারণের উপর অত্যাচার করেন, নির্যাতন করেন, গাড়ি পোড়ান, ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর অত্যাচার করেন, দোকান লুট করেন, তাদেরকে ওই যুক্তিসঙ্গত বাধা-নিষেধ সাপেক্ষে সমাবেশ করার অধিকার স্বীকার করার শর্তেও আগামী এক মাস পর্যন্ত কোনো সমাবেশ কোনো দলকে আমরা করতে দেব না।’
সংলাপ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে আমরা সুস্পষ্ট বলেছি, সংসদের বাইরে বা যেকোন স্থানে তারা আমাদের সঙ্গে আলোচনা করতে পারেন। তবে আমরা আমাদের নেত্রীর আহবান প্রতিধ্বনিত করে একথা বলব, আলোচনা করার সবচেয়ে ভাল স্থান ও ভাল মাধ্যম সংসদ। সংসদে এসে আলোচনা করুন।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ যেকোন বিষয়ে আলোচনা করার জন্য তৈরি আছে।’জোরারগঞ্জ থানা উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, স্থানীয় সংসদ সদস্য ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, উপজেলা চেয়ারম্যান গিয়াসউদ্দিন, জেলা প্রশাসক মো.আবদুল মান্নান ও পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার প্রমুখ। রোববার দুপুরে মিরসরাই উপজেলার একটি পৌরসভা ও আটটি ইউনিয়ন নিয়ে গঠিত জোরারগঞ্জ থানার কার্যক্রম উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
