Wednesday, 1 May 2013

সাভার দূর্ঘটনা : বাংলাদেশ মানবাধিকার কমিশনের মানববন্ধন অনুষ্ঠিত

চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, সাভার দুর্ঘটনা দেশের ইতিহাসে একটি কালো অধ্যায় হয়ে থাকবে।
এই ঘটনায় প্রকৃত দোষীরা যাতে আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে না পারে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।মঙ্গলবার বিকাল ৫ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মানবাধিকার কমিশন আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্যে করেন।
তিনি বলেন, দেশে কোন দুর্ঘটনা হওয়ার আগে যদি সরকার সজাগ থাকে তাহলে এ ধরণের দুর্ঘটনা থেকে রেহাই পেতো হাজার হাজার শ্রমিক।
বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম মহানগর সভাপতি ও জেলা পাবলিক প্রসিকিউটর এডভোকেট  আবুল হাসেম এর সভাপতিত্বে আরো বক্তব্যে রাখেন প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার, বিএমএ সাবেক সাধারণ সম্পাদক ডা: নাছির উদ্দিন, লায়ন জাফর উল্লাহ, লায়ন গোলাম ফারুক মামুন, সোহেল আহমদ মৃধা, লায়ন আহাং শফী চৌধুরী, বায়েজিদ থানা সেক্রেটারী সেলিম হোসেন চৌধুরী, তাজুল ইসলাম পলাশ, আলহাজ্ব মোস্তাক আহমেদ প্রমূখ।
কমিশনের মহানগর অর্থ সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সায়েম এর সঞ্চালনায় সভাপতি আবুল হাসেম বলেন, সাভার দুর্ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত না করে সকল রাজনৈতিক ভেদাভেদ ভূলে ক্ষতিগ্রস্থদের পাশে থাকার জন্য আহবান জানান তিনি। ভবিষ্যতে যাতে এ ধরণের বিপর্যয়ে পড়তে না হয় সেদিকে নজর দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।