Monday, 1 April 2013

গভীর সাগরে জলদস্যুদের হামলায় নিহত ১৬, তিনজনের লাশ উদ্ধার

চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালী ও কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার সীমান্তবর্তী আলী আকবর ডেইল নামক এলাকার উত্তরে গভীর সাগরে জলদস্যুরা ১৬ জেলেকে খুন করেছে বলে খবর পাওয়া গেছে। খুন হওয়া জেলেদের লাশগুলো সোমবার দুপুরে সাগরে ভেসে উঠে। এদের মধ্যে তিনজনের লাশ স্থানীয় জেলেরা উদ্ধার করে সোমবার রাত পৌনে ৮টায় বাঁশখালীতে এনেছে। এছাড়া জলদস্যুদের হামলায় আরও কয়েকজন জেলে আহত অবস্থায় আছে বলেও খবর পাওয়া গেছে। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মো.ইলতুৎমিশ সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমরা মাঝি এবং জেলেদের কাছ থেকে ১৬ জনের লাশ ভেসে উঠার খবর পেয়েছিলাম। এদের মধ্যে তিনজনের লাশ আনা হয়েছে। আদৌ আর কোন লাশ আছে কিনা সেটি আমরা জানিনা।’
বাঁশখালীতে আনা মৃত তিনজনকে জলদস্যুরা খুন করেছে বলে মাঝি ও জেলেদের বরাত দিয়ে জানিয়েছেন মো.ইলতুৎমিশ। এছাড়া নিহতরা বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের বাসিন্দা। এরা হলেন, মো.সগীর, মো.ইউনূস ও নেজাম উদ্দিন। পুলিশ ও বাঁশখালী-কুতুবদিয়ার স্থানীয় সূত্রে জানা গেছে, সাগরে মাছ ধরতে যাওয়া তিনটি নৌকার প্রায় ৩২ জন জেলে গত ২৬ মার্চ থেকে নিখোঁজ অবস্থায় আছে। এদের মধ্যে ভেসে উঠা ১৬ জনের লাশ অন্যান্য জেলেরা সোমবার দুপুরে দেখতে পায় বলে সূত্র জানায়। দুপুরেই শেখেরখীল থেকে কয়েকজন জেলে লাশগুলো উদ্ধারের জন্য গভীর সাগরে যায়। রাতে তিনজনের লাশ এনে প্রথমে শেখেরখীল উচ্চ বিদ্যালয় মাঠে রাখা হয়। এরপর লাশগুলো বাঁশখালী থানার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। কক্সবাজার জেলা পুলিশ সুপার মো.আজাদ মিয়া সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমি শুনেছি কুতুবদিয়া উপকুলের প্রায় ৫০ কিলোমিটার ভেতরে গভীর সাগরে জলদস্যুরা ১৬ জন জেলেকে মেরে ফেলেছে। আমি বিভিন্ন সোর্সে নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। তবে কেউ আমাকে এখনও বিষয়টি নিশ্চিত করতে পারেনি।’ বাঁশখালী থানার ওসি কামরুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, মাঝিরা জানিয়েছেন, জলদস্যুদের হামলায় আরও প্রায় ২০ থেকে ৩০ জন আহত হয়েছেন। সেক্ষেত্রে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি জানান। এদিকে আমাদের কক্সবাজার জেলা প্রতিনিধি নুপা আলম স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানান, গভীর সাগরে জলদস্যুদের হামলায় জেলে নিহতের খবর পেয়ে কুতুবদিয়া থেকে পুলিশের একটি টিমও ঘটনাস্থলে গেছেন। আলী আকবর ডেইল এলাকার আব্দুর রহিম নামের এক জেলের বরাত দিয়ে নুপা আলম জানান, গভীর সাগরে ১১ জনের লাশ ভাসতে আব্দুর রহিম দেখেছেন।