চট্টগ্রাম, ৯ মার্চ ২০১৩ইং : নিজস্ব প্রতিবেদক : বিকেলে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সামাজিক প্রতিরোধ কমিটি আয়োজিত সমাবেশে বক্তারা বলেন , আইনের মাধ্যমে জামায়াত শিবির ও তাদের সকল প্রতিষ্ঠানকে অবৈধ ঘোষণা করতে হবে। স্বাধীন বাংলাদেশে
তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই।
পবিত্র ইসলাম ও মানবতার শত্রু জামায়াত-শিবিরের বিরুদ্ধে পাড়ায়-পাড়ায় ও মহল্লায় প্রতিরোধ কমিটি গঠন করতে হবে।’ চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী।
সমাবেশে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আফসারুল আমিন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য কমরেড শাহ আলম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, সিপিবি’র সভাপতি মৃণাল চৌধুরী, মহানগর পিপি কামাল উদ্দিন আহমেদ, মুক্তিযুদ্ধ গবেষক ডা. মাহফুজুর রহমান, ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবু হানিফ, ন্যাপ নেতা আলী আহমদ নাজির, ডা.নুরুল ইসলাম, ইসলামী ফ্রন্টের ওয়াহেদ মুরাদ। জাসদ চট্টগ্রাম
শাখার সাধারণ সম্পাদক জসীম উদ্দিন বাবুলের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন গণফোরামের চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক জানে আলম, মুক্তিযুদ্ধ সংসদের জেলা কমান্ডার সাহাবউদ্দিন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী, শ্রমিক নেতা বখতেয়ার উদ্দিন খান, যুবলীগ সভাপতি চন্দর ধর, এ্যাডভোকেট জিয়াউদ্দিন, ছাত্রলীগের মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. সালাহউদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী বলেন, পবিত্র ইসলামের ভাবমূর্তি নষ্টকারী জামায়াত-শিবির পবিত্র বায়তুল মোকারম মসজিদের জায়নামাজে আগুন দিয়েছে। যুদ্ধাপরাধীদের
বিচার বন্ধ করতে মানুষ খুন থেকে শুরু করে সব ধরণের নৈরাজ্য শুরু করেছে। জামায়াত শিবিরের রাজনীতির মূল ধর্ম হচ্ছে বর্বরতা-নিষ্ঠুরতা-হত্যা ও নৈরাজ্য। তারা ইসলামের শত্রু।