চট্টগ্রাম: নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন,‘মহান মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী ও স্বাধীনতা যুদ্ধে মানবতা বিরোধী অপরাধে জড়িতদের বিচার সম্পন্ন হলে স্বাধীনতার পূর্ণতা আসবে। বর্তমান সরকার তাদের বিচার সম্পন্ন করতে দৃঢ় প্রতিজ্ঞ।’চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বুধবার সকালে চট্টগ্রাম বন্দর মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি।
নৌ পরিবহন মন্ত্রী বলেন, ‘লাল-সবুজের পতাকায় ৩০ লক্ষ শহীদদের রক্ত মিশে আছে। তাদের পবিত্র রক্তের বিনিময়ে ৪২ বছর আগে অর্জিত স্বাধীনতা এখনো পূর্ণতা আসেনি। স্বাধীনতার পূর্ণতার জন্য আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচার শুরু করেছে।’ মন্ত্রী শাজাহান খান বলেন,‘স্বাধীনতা বিরোধী চক্রটি মানবতাবিরোধী অপরাধে জড়িতদের রক্ষা করতে দেশকে অশান্ত করে তুলেছে। তাদেরকে প্রতিরোধের জন্য তরুণ সমাজের যে জাগরণ, তা ধরে রাখতে হবে।’ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বন্দর ক্রীড়া সমিতির সভাপতি ও বন্দরের প্রধান যান্ত্রিক প্রকৌশলী আবু ইসমাইল। বক্তব্য রাখেন বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল নিজাম উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বন্দর চেয়ারম্যান বলেন, ‘দেশের উন্নয়নে বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আন্তর্জাতিকভাবে চট্টগ্রাম বন্দরের সুনাম রয়েছে। এর পেছনে বন্দরের কর্মকর্তা ও কর্মচারীদের ভূমিকা রয়েছে।’ খেলাধূলায়ও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বন্দর চেয়ারম্যান।
