চট্টগ্রাম: নগরীর পতেঙ্গা থানার কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (কেইপিজেড) বাসের ধাক্কায় নাসিমা বেগম (২৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এসময় উত্তেজিত শ্রমিকরা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেন। নিহত নাসিমা সীতাকুন্ড উপজেলা সদরের মো. মামুনের স্ত্রী। তিনি কর্ণফুলী ইপিজেডে অবস্থিত হংকং ডেনিন গার্মেন্টসে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন সংবাদ মাধ্যমকে জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে নাসিমা অন্যান্য কর্মীদের সঙ্গে কর্ণফুলী ইপিজেডের হংকং ডেনিন নামের কারখানায় যাচ্ছিলেন। এসময় ওই কারখানারই ভাড়া করা একটি বাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এদিকে নাসিমার মৃত্যুর সংবাদ ইপিজেড এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত শ্রমিকরা ঘাতক বাসটিতে আগুন জ্বালিয়ে দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওসি আলমগীর হোসেন বলেন, ‘এ ঘটনায় বাসের চালক মো. রিপনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থাও নেয়া হচ্ছে।’
