চট্টগ্রাম: শুক্রবার জুমার নামাজের পর মিছিল বের করে চট্টগ্রামের সিরাজ-উদ-দৌল্লা সড়কের আশপাশের দোকানপাট ভাংচুর করেছে জামায়াত-শিবিরের ক্যাডাররা। এসময় তারা কয়েকটি গাড়িও ভাংচুর করেছে। মিছিল শেষে চকবাজার এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটায় জামায়াত-শিবির। তারা সেখানে সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করেছে।এরপর তারা চকবাজারে সংক্ষিপ্ত সমাবেশ করে। সেখানে পুলিশ-বিজিবি ও জামায়াত-শিবির মুখোমুখি অবস্থানে আছে। এতে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,জামায়াত-শিবিরের ক্যাডাররা নগরীর আন্দরকিল্লা থেকে মিছিল বের করে। মিছিলটি সিরাজ-উদ-দৌল্লা সড়কের আইল্যান্ডের ওপর সৌন্দর্যবর্ধণের জন্য স্থাপিত ফুলের টব ও গাছ ভাংচুর করে। এছাড়া চন্দরপুরা, দেওয়ানজি পুকুর পাড়, দেওয়ানবাজার এলাকায় সড়কের দুই পাশে অবস্থিত প্রায় ৩০টি ঘর-বাড়ি ও দোকানপাট ভাংচুর করে। জামায়াত-শিবিরের ক্যাডাররা এসময় অন্তত তিনটি গাড়ি ভাংচুর করেছে বলে জানান প্রত্যক্ষদর্শী লোকজন।
