Wednesday, 6 March 2013

অমি পিয়াল- আরিফ জেবতিক সহ ৮ ব্লগারের বিরুদ্ধে মামলা, পরে খারিজ

চট্টগ্রাম: ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে অমি রহমান পিয়াল, আরিফ জেবতিক, আসিফ মহিউদ্দিনসহ আট ব্লগারের বিরুদ্ধে চট্টগ্রামের একটি আদালতে মামলা দায়েরের পর বিচারক তা খারিজ করে দিয়েছেন। বুধবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. হাসানুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন এম এ হামিদ নামে নগরীর টেরিবাজারের এক কাপড় ব্যবসায়ী। তিনি বোয়ালখালী উপজেলার শামসুল ইসলামের ছেলে। আট ব্লগার হলেন, অমি রহমান পিয়াল, আরিফ জেবতিক, ইব্রাহিম খলিল সবাক, আসিফ মহিউদ্দিন, আশরাফুল ইসলাম,রাতুল দেব নাথ, আরিফুর রহমান ও মামুনুর রশিদ।
বাদির আইনজীবী অ্যাডভোকেট আবু তাহের বাংলানিউজকে বলেন, ব্লগাররা তাদের ব্লগে লেখালেখির মাধ্যমে একজন ধর্মপ্রাণ মানুষ হিসেবে বাদির ধর্ম বিশ্বাসে আঘাত করেছেন। এজন্য তিনি দণ্ডবিধির ২৯৫ (ক) ধারায় মামলাটি দায়ের করেছেন। আদালত সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে মামলার অভিযোগ আদালতে দাখিলের পর বিচারক বাদির জবানবন্দি নেন। বিকেলে মামলাটি দণ্ডবিধির ২০৩ ধারায় খারিজ করে দেন। উল্লেখ্য, মামলার এজাহারে যেসব ব্লগারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা সবাই মুক্তিযুদ্ধের চেতনা এবং যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে ব্লগে সোচ্চার ভূমিকা পালনের জন্য পরিচিত। যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে সম্প্রতি দেশজুড়ে সৃষ্টি হওয়া গণজাগরণে এসব ব্লগার আলোচনার শীর্ষে চলে আসেন।