চট্টগ্রাম, ২৪ র্মাচ (সিটিজি টাইমস ডটকম)-আগামীকাল ২৫ মার্চ সোমাবার ঐতিহ্যবাহী চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। ক্রুটিপূর্ন ও ভুয়া ভোটারসহ নির্বাচন প্রক্রিয়া নিয়ে নানাবিধ বিতর্ক ও অভিযোগ সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়ানোর পর আদালতের নির্দেশে কয়েক দফা নির্বাচন স্থগিত হয়ে যায়।
অভিযোগ, পাল্টা অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞাসহ নানা কারনে গত বছরের সেপ্টেম্বর থেকে কয়েক দফা পিছানোর পর ২৫ মার্চ নির্বাচন অনুষ্ঠানের তারিখ ধার্য্য করা হয়। কিন্তু এদিন হঠাৎ রাজনৈতিক কর্মসূচি হরতাল আহবান করায় আবারো অনিশ্চয়তার মধ্যে পড়েছে এ নির্বাচন। আগামীকাল সোমবার বৃহত্তর চট্টগ্রামে জামায়াতে ইসলামী কর্তৃক দিনব্যপি হরতাল আহ্বান করায় এ আশঙ্কা তৈরী হয়েছে। জামায়াত কর্মী ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর ভাগ্নে মাঈনুদ্দিন হাসান মুন্না মারা যাবার প্রতিবাদে শনিবার প্যারেড় ময়দানে অনুষ্ঠিত জানাজা নামাজে এ কর্মসুচি ঘোষনা করে। জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে গ্রেফতারে গত ১৭ মার্চ রাতে নগরীর রাহাত্তার পুল এলাকার তার বোনের বাসায় অভিযান চালায় পুলিশ। সে সময় গ্রেফতার এড়াতে গিয়ে ছয় তলা বিল্ডিংয়ের ছাদ থেকে লাফ দিয়ে নীচে পড়ে মুন্না আহত হন বলে পুলিশ দাবী করলেও মুন্নার পরিবার ও জামায়াতের পক্ষ থেকে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে বাড়ীর ছাদ থেকে লাথি মেরে ফেলে দেয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। এঘটনার প্রতিবাদে জামায়াত বৃহত্তর চট্টগ্রামে সোমবার হরতাল আহবান করেছে।এদিকে হরতালের কারনে চেম্বারের নির্বাচন শেষ পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে কিনা জানতে চাইলে চট্টগ্রাম চেম্বার নির্বাচন বোর্ড়ের চেয়ারম্যান জামাল উদ্দিন বলেন “জামায়াতসহ সংশ্লিস্ট সব রাজনৈতিক দলের কাছে আমরা চেম্বার নির্বাচনের স্বার্থে চট্টগ্রাম মহনগরকে হরতালের আওতামুক্ত রাখার জন্য অনুরোধ জানিয়েছি । তাদের কাছে আমাদের পক্ষ থেকে যোগাযোগ করার জন্য প্রতিনিধিও পাঠানো হয়েছে। দেখা যাক কি হয়।” তিনি জানান, রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে এ বিষয়ে আমাদের বৈঠক করার কথা রয়েছে। তার পক্ষ থেকে সার্বিক নিরাপত্তাসহ সহযোগিতার আশ্বাস পেলে এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ইতিবাচক সাড়া পেলে নির্বাচন করতে কোন সমস্যা হবার কথা নয়”। হরতাল প্রত্যাহার না হলে কিংবা মহানগরকে হরতালের আওতা বহির্ভুত বলে ঘোষনা না করলে নির্বাচন পিছিয়ে দেবেন কিনা জানতে চাইলে তিনি জানান, এ ধরনের হরতালে কোন অপ্রত্যাশিত ঘটনা ঘটলে তার দায়-দায়িত্ব কে নেবে? সেক্ষেত্রে নির্বাচন বোর্ড সোমবার বসে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে।
এ ব্যপারে চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম জানান, নির্বাচন বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেবার সর্বময় এখতিয়ার বোর্ড়ের হাতে। তবে এ ধরনের আকস্মাৎ পরিস্থিতিতে নিবাচন দুই একদিন পিছালে সমস্যা হবার কোন কারন নেই। সেক্ষেত্রে ২৬ মার্চ যেহেতু স্বাধীনতা দিবস, ২৭ মার্চ নির্বাচনের নতুন তারিখ নির্ধারন করা যায়।
এদিকে, চেম্বারের পক্ষ থেকে এক বিবৃতিতে হরতাল প্রত্যাহারের আবেদন জানানো হয়েছে । বিবৃতিতে চেম্বার পরিচালকমন্ডলীর পক্ষে সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল আলম, সহ-সভাপতি মোঃ নুরুন নেওয়াজ সেলিম এবং নির্বাচন বোর্ড চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন আহমেদ, সদস্য মোহাম্মদ ফৌজুল মবিন খান ও মোহাম্মদ শামসুল হক এবং নির্বাচন আপীল বোর্ড চেয়ারম্যান আবদুল মান্নান ও সদস্য জামাল উদ্দিন দেওয়ান “অত্র অঞ্চলের ব্যবসায়ীদের অভিভাবক সংগঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে হরতাল প্রত্যাহার করার জন্য” বিনীতভাবে আবেদন” জাননো হয়।
