Wednesday, 13 March 2013

চট্টগ্রামে আগুনে পুড়ে পিতা ও ২ পুত্রের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রাম: চট্টগ্রামের পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকার মোহাম্মদপুরের অ্যালমুনিয়াম গলির আনর আলী সওদাগরের বাড়িতে ভয়াবহ আগুনে পুড়ে পিতা ও দু’পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে নয়টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন, মো.  জাহাঙ্গীর আলম (৩৮) ও তার পুত্র জুবায়দুল ইসলাম জুনায়েদ (৯) এবং ওবায়দুল ইসলাম সিফাত (১১)। চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান, আগুনে পিতা-পুত্র ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। সিফাত নামের আরেক ছেলেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে মারা গেছে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত কনস্টেবল সঞ্জয় সংবাদ মাধ্যমকে জানান, অগ্নিদগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় সিফাতকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলম ওই এলাকার নিজস্ব এক তলা ভবনের ছাদের উপর সেমিপাকা একটি কক্ষে বসবাস করতেন। ওই ছাদে তিনটি সেমিপাকার একটি কক্ষ থেকে আগুনের সূত্রাপাত হয়। তবে আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদিকে পিতা ও পুত্রের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে পুরো এলাকা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি স্টেশনের চারটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে রাত দশটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন বলে জসিম জানান।