চট্টগ্রাম: নিউজডেস্ক : নৌপথে পণ্য পরিবহনকারী কার্গো ভ্যাসেল মালিকদের ধর্মঘট পালনসহ বিভিন্ন কর্মকান্ডে উদ্বেগ প্রকাশ করেছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম। সোমবার নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের কাছে পাঠানো এক জরুরি ফ্যাক্সবার্তায় তিনি ধর্মঘটের নেতিবাচক প্রভাবের কথা উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেন। একইসঙ্গে চেম্বার সভাপতি নৌযান মালিকদের বিভিন্ন সময়ে ভাড়া বাড়ানোর নামে স্বেচ্ছাচারিতার কথাও উল্লেখ করেন। ফ্যাক্সবার্তায় চেম্বার সভাপতি উল্লেখ বলেন, গত ৭ জানুয়ারি ইনল্যান্ড কার্গো ভেসেল মালিক পক্ষ ধর্মঘট পালন করেছে।
এর আগেও ধর্মঘটসহ বিভিন্নভাবে আন্দোলনের হুমকিধমকিও দিয়েছে জাহাজ মালিকদের বিভিন্ন সংগঠন। তাদের এসব কর্মকান্ডে দেশের উৎপাদনশীল শিল্প-কারখানায় সরাসরি নেতিবাচক প্রভাব পড়ছে এবং উৎপাদন ও সরবরাহ খরচ কয়েকগুণ বেড়ে যাচ্ছে। শিল্প-কারখানার জন্য তৈরি হওয়া এ উদ্বেগজনক পরিস্থিতির নিরসনে নৌ পরিহন মন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন চেম্বার সভাপতি। ফ্যাক্সবার্তায় চেম্বার সভাপতি আরও বলেন, জাহাজের মালিক পক্ষ অতীতেও স্টেকহোল্ডারদের কোনো মতামত না নিয়ে তাদের উপর উচ্চহারে ভাড়ার (ট্যারিফ) বোঝা চাপিয়েছে। ইনল্যান্ড ভেসেল মালিকপক্ষ তেলের মূল্য বৃদ্ধি এবং জাহাজের নাবিকদের বেতন ২০ শতাংশ বাড়ানোর কথা বলে মালিকপক্ষ নিজেদের সিদ্ধান্তে ভাড়ার বোঝা চাপিয়ে দেন মালিকপক্ষের উপর। এরপরও চেম্বার সভাপতি আশা করেন, নৌপরিবহন মন্ত্রীর হস্তক্ষেপে নৌযান মালিকদের বিভিন্ন সমস্যার শান্তিপূর্ণ উপায়ে সমাধান হবে।