Wednesday, 13 February 2013

চট্টগ্রামে তান্ডবের চেষ্টাকালে পুলিশ-জনতার ধাওয়ায় পালিয়েছে জামায়াত-শিবির

চট্টগ্রাম: নিউজডেস্ক :  নগরীতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করার সময় জনতার ধাওয়ার মুখে পালিয়েছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও উত্তেজিত জনতার সঙ্গে একত্রিত হয়।  তবে এর আগে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা কয়েকটি গাড়ি ভাংচুর করে এবং সড়কের ওপর টায়ার জ্বালিয়ে দেয়। বুধবার দুপুর ১২টার দিকে বন্দরনগরীর বিভিন্ন এলাকায় অতর্কিতভাবে জড়ো হয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এদিকে এ ঘটনার পর সার্বিক নিরাপত্তা জোরদার করতে পুলিশ নগরীর পাঁচটি প্রবেশ পথ ও দশটি স্পর্শকাতর পয়েন্টে তল্লাশি শুরু করেছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর কর্ণেলহাট এলাকায় দুপুর ১২টার দিকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে। তবে পুলিশ ও জনতার ধাওয়ার মুখে পালিয়ে যাওয়ার সময় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা তারা আট-দশটি গাড়ি ভাংচুর করে। এসময় তারা গাড়িগুলোর চাবি নিয়ে চাবির পয়েন্টে সুপারগ্লু লাগিয়ে দেয়। সড়ক অবরোধ করতে এ পন্থা  নেয় বলে জানা গেছে।  এদিকে পুলিশ আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে সন্দেহজনকভাবে দু`জনকে আটক করে এবং দুই বস্তা ক্রিকেট স্ট্যাম্প ও লাঠি উদ্ধার করে।  প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ১২টার দিকে নগরীর বাকলিয়ার তুলাতুলি এলাকায় তিনটি টেম্পু ও একটি মাইক্রোবাস ভাংচুর করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। উত্তেজিত এলাকাবাসী জড়ো হয়ে তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এদিকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সীতাকুন্ডের বাড়বকুন্ড এলাকায়ও ভাংচুর করে তান্ডবের চেষ্টা চালায়। সেখানেও জনতা এবং পুলিশের বাধার মুখে তারা পালিয়ে যেতে বাধ্য হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।