Monday, 11 February 2013

তিন পার্বত্য জেলায় হরতাল পালিত

বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি (১১ ফেব্রুয়ারী) : আজ সোমবার পার্বত্য তিন জেলায় সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হরতাল চলাকালিন দোকানপাট বন্ধ ও দূরপাল্লার কোনো বাসে ছেড়ে যায়নি। বান্দরবানে দুই বাঙালিকে অপহরণ, খাগড়াছড়িতে বাঙালি নারী ধর্ষণ ও রাঙ্গামাটিতে বেসরকারি টেলিফোন কোম্পানির দুই কর্মকর্তাকে অপহরণের প্রতিবাদ ও তাদের উদ্ধার দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদ রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়। খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করছে পার্বত্য বাঙালি ছাত্র ও যুব পরিষদ। হরতালে কোনো ধরনের অভ্যন্তরীণ ও দূরপাল্লার যানবাহন ছাড়েনি। দোকানপাট বন্ধ ছিল৤ যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পার্বত্য তিন জেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে বাঙ্গালী ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদের নেতারা এক বিবৃতিতে পার্বত্য আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদ ভেঙে দিয়ে নতুন নির্বাচন, স্থানীয় পুলিশ বাহিনী জেলা পরিষদের হাতে ন্যস্ত না করা, ঝুঁকিপূর্ণ এলাকায় সেনাক্যাম্প স্থাপন, ভূমি বিরোধ নিষ্পত্তি কল্পে ১৩টি সংশোধনী প্রস্তাব বাতিল, উপজাতি কোটা বাতিল করে পার্বত্য কোটা চালুসহ সর্বক্ষেত্রে বাঙালির সংবিধানিক অধিকার নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় আরো কঠিন কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন।