চট্টগ্রাম: `একজন খুনের দায়েও ফাঁসি হয়। কাদের মোল্লার বিরুদ্ধে তিন`শ জনকে খুন করার অভিযোগ আছে। একাত্তরে কাদের মোল্লার নেতৃত্বে গণহত্যা হয়েছে। অথচ কাদের মোল্লার মাত্র যাবজ্জীবন কারাদন্ড হয়েছে। আমরা জানতে চাই, কতজনকে খুন করলে আসামীর ফাঁসি হয় ?` মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগ আয়োজিত মানববন্ধন ও সমাবেশে যুদ্ধাপরাধী কাদের মোল্লার বিরুদ্ধে দেয়া রায়ে এভাবেই হতাশা প্রকাশ করেছেন চট্টগ্রামের বিশিষ্টজনেরা।
কাদের মোল্লার বিরুদ্ধে দেয়া রায়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করে সংগঠনটি তাৎক্ষণিক এ কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচিতে চট্টগ্রামের বেশ কয়েকটি নাগরিক ও সংস্কৃতি সংগঠনের নেতাকর্মীরা সংহতি প্রকাশ করেন। এতে কয়েক’শ তরুণ-তরুণী অংশ নেন। মানববন্ধন ও সমাবেশ শেষে প্রেসক্লাব থেকে বের হওয়া একটি বিক্ষোভ মিছিল শহীদ মিনারে গিয়ে শেষ হয়।সংগঠনের আহবায়ক শরীফ চৌহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, যারা একাত্তরে স্বীকৃত যুদ্ধাপরাধী এবং প্রত্যভাবে খুন, ধর্ষণ এবং গণহত্যার সাথে যুক্ত ছিলেন তার বিরুদ্ধে যাবজ্জীবন দণ্ডাদেশ প্রদান খুবই দু:খজনক। এক্ষেত্রে রাষ্ট্রপক্ষে নিযুক্ত আইনজীবীদের ভূমিকাও ছিল হতাশাজনক। তারা যুদ্ধাপরাধের মত স্পর্শকতার মামলা পরিচালনার যোগ্যতা রাখেন কিনা সেটি নিয়ে আর সন্দেহের অবকাশ নেই।