চট্টগ্রাম: চট্টগ্রামে শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে মিছিল থেকে চট্টগ্রাম প্রেসক্লাবসহ বিভিন্ন স্থানে ভাংচুর ও আগুন লাগিয়ে দিয়েছে জামায়াত-শিবির সমর্থিত কর্মীরা। তারা চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরের গণজাগরণ মঞ্চের ব্যানার-ফেস্টুন ও ভাস্কর্যে আগুন ও ভাচুর চালায়। এসময় দায়িত্ব পালনকালে দুই পুলিশ সদস্য এবং সংবাদ সংগ্রহ করার সময় কমপক্ষে ১০ সাংবাদিক হামলার শিকার হন। মিছিলে অংশগ্রহণকারীরা পুলিশের দুইটি মোটর সাইকেল ভাংচুর করে। এসময় তারা গণজাগরণ মঞ্চের ব্যবহৃত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান শৌচাগারেও আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে। শুক্রবার জুমার নামাজ শেষে মিছিল থেকে এ তান্ডব চালায় জামায়াত-শিবির সমর্থিত কর্মীরা। বিভিন্ন ব্লগ ও ফেইসবুকে ইসলাম ও মহানবীর (স:) অবমাননার প্রতিবাদে শুক্রবার জুমার পর নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে জমায়েত হয়। নামাজ শেষে সমাবেশের পর মিছিল বের করে তারা। মিছিলটি দুইভাগে বিভক্ত হয়। মিছিলের একটি অংশ আন্দরকিল্লা থেকে চেরাগী মোড় হয়ে লাভ লেইন প্রদক্ষিণ করে ওয়াসা মোড়ে গিয়ে শেষ হয়। তারা সেখানে সমাবেশ করেছে। এসময় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে অপর মিছিলটি চেরাগী মোড় হয়ে চট্টগ্রাম প্রেসক্লাব দিয়ে যাওয়ার সময় আশপাশের বিভিন্ন ভবনে ভাংচুর চালায়। মিছিলকারীরা চট্টগ্রাম প্রেসক্লাব ভবন লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে প্রেসক্লাব ভবনের বিভিন্ন ফ্লোরের কাঁচ ভাংচুর হয়। ভবনের নিচতলায় বই বিপণী কেন্দ্র ‘বাতিঘরের’ শোরুমও ক্ষতিগ্রস্থ হয়। এদিকে প্রেসক্লাব চত্বরের গণজাগরণ মঞ্চের জন্য স্থাপিত দুইটি ভাস্কর্য এবং যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে টাঙানো ব্যানার-ফেস্টুনে আগুন ধরিয়ে দেয়। বাধা দিতে গেলে মিছিলকারীরা পুলিশের ওপর চড়াও হয়। তাদের ইট-পাটকেলের নিক্ষেপে দুই পুলিশ সদস্য আহত হয়। তাদেরকে ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। এদিকে, দুপুরে জুমার নামাজ শেষে বিক্ষোভ সমাবেশ শুরু করার আগেই তারা সাংবাদিকদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। তাদের হামলায় অন্তত ১০ সাংবাদিক আহত হন। এসময় সাংবাদিকদের ক্যামেরাও ক্ষতিগ্রস্ত হয়েছে। দৈনিক ইনকিলাবের সিনিয়র ফটো সাংবাদিক কুতুব উদ্দিন ও দৈনিক যুগান্তরের সিনিয়র ফটো সাংবাদিক রাজেশ চক্রবর্তী গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে সহকর্মীরা হাসপাতালে নিয়ে গেছেন। এছাড়া হামলায় এটিএন বাংলার ক্যামেরাম্যান ফরিদউদ্দিন, এটিএন নিউজের ক্যামেরাম্যান অমিত দাশ, বণিক বার্তার নিজস্ব প্রতিবেদক ওমর ফারুক, মাছরাঙ্গা‘র ক্যামেরাম্যান আলমগীর টিপু, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরাম্যান বিপ্লব মজুমদার, বাংলাভিশনের ক্যামেরাম্যান পলাশও আহত হয়েছেন।