চট্টগ্রাম: নিউজডেস্ক : একাত্তরে মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদন্ড দেয়ায় ফুঁসে উঠেছে চট্টগ্রাম। বুধবার বিকেল ৩টা থেকে নগরীর জামালখানে প্রেসক্লাব চত্বরে ঢাকার শাহবাগের মত লাগাতার প্রতিবাদী অবস্থান কর্মসূচী পালনের ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের মুক্তিযুদ্ধের সপক্ষের তরুণ, ব্লগার, পেশাজীবী ও রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগের আয়োজনে এ কর্মসূচী শুরু হবে।
এতে সংহতি প্রকাশ করে অবস্থান নেবে চট্টগ্রামে যুদ্ধাপরাধের বিচার আন্দোলনে সক্রিয় থাকা বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। অব্যাহতভাবে চলবে প্রতিবাদী গান, গণসংগীত, আবৃত্তিসহ আরও বিভিন্ন কর্মসূচী। সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগের আহবায়ক শরীফ চৌহান বাংলানিউজকে বলেন, `আমরা তরুণ উদ্যোগের ব্যানারে অবস্থান কর্মসূচী শুরু করলেও এ আন্দোলন হবে সর্বস্তরের জনতার। যারাই কাদের মোল্লার রায়ে ক্ষুব্ধ হয়েছেন, যারা নিজামী, গোলাম আজম, সাইদীদের ফাঁসি চান, সবাইকে এক কাতারে শামিল হওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি।` উদীচী, চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক সুনীল ধর বাংলানিউজকে বলেন, `এ রায়ে আমরা প্রচন্ডভাবে ক্ষুব্ধ হয়েছি। আমাদের ক্ষোভ, প্রতিবাদের জায়গা হবে প্রেসক্লাব চত্বর। যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে আর কাউকে তামাশা করতে দেয়া হবেনা।` অনলাইন ব্লগার নির্ঝর মজুমদার বাংলানিউজকে বলেন, `জামালখান হবে শাহবাগ। প্রেসক্লাব চত্বর হবে স্বাধীনতা স্কয়ার। আমরা অনলাইনে যেমন সক্রিয়, আমরা মাঠেও সক্রিয়। আমরা এটা প্রমাণ করতে চায়, যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করে আমরা ঘরে ফিরে যাবনা।`
