Tuesday, 29 January 2013

চট্টগ্রামে নিয়মিত কার্গো ফ্লাইট শুরু এমিরেটসের

চট্টগ্রাম : ৩০ শে জানুয়ারী : নিউজডেস্ক: এমিরেটস্ এয়ারলাইনের মালামাল পরিবহন শাখা-এমিরেটস্ স্কাই কার্গো বন্দরনগরী চট্টগ্রামে নিয়মিত কার্গো ফ্লাইট চালু করার মাধ্যমে বাংলাদেশে তাদের কার্যক্রম আরও সুসংহত করেছে। এমিরেটস্ স্কাই কার্গো বোয়িং ৭৭৭-২০০ মালবাহী উড়োজাহাজের সাহায্যে প্রাথমিকভাবে সপ্তাহে একটি করে ফ্লাইট পরিচালনা করছে। ১০০ টন পরিবহন ক্ষমতা সম্পন্ন উড়োজাহাজটি হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার দুপুর ১টায় অবতরণ করে বিকেল ৩টায় হংকংয়ের উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করে।
এমিরেটসের ভাইস প্রেসিডেন্ট (কমার্শিয়াল-কার্গো) রবিশংকর মিরলে এই প্রসঙ্গে জানান, “বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি গভীর মনোযোগের সঙ্গে পর্যবেক্ষণ করছে এমিরেটস্ স্কাই কার্গো।”তিনি বলেন, “এ ফ্লাইটটি চালুর ফলে দেশের বাণিজ্যিক রাজধানীর সঙ্গে রফতানি গন্তব্যগুলোর যোগাযোগ সহজতর হবে- এমন ভাবনা থেকে আমরা এ ধরনের সিদ্ধান্ত নিয়েছি।” বাংলাদেশে এমিরেটস্ স্কাই কার্গোর ম্যানেজার শেখ ইদ্রিস আলী বলেন, “এমিরেটস্ প্রথম এয়ারলাইন হিসেবে নিয়মিত কার্গো ফ্লাইট চালু করার মাধ্যমে চট্টগ্রামের গুরুত্ব আরও উঁচুতে তুলে ধরেছে। এটা ছিল বন্দরনগরীর ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি।”তিনি বলেন, “স্বতন্ত্র কার্গো ফ্লাইট আমদানি ও রফতানি পণ্যের পরিবহন দ্রুত ও নিরাপদ করবে, যা চট্টগ্রামে অবস্থিত রফতানি প্রক্রিয়াজাতকরণ এলাকাগুলোর জন্য বিশেষভাবে সহায়ক হবে।” ইদ্রিস আলী আরও বলেন, “চট্টগ্রাম ছাড়াও এমিরেটস্ স্কাই কার্গো ঢাকায় পরিচালনা করছে দু’টি সাপ্তাহিক কার্গো ফ্লাইট এবং ভায়া দুবাই, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন গন্তব্যে সুবিধাজনক সংযোগ প্রদান করছে।