চট্টগ্রাম: উপাচার্য ও তার ছেলের স্বেচ্ছাচারিতা বন্ধসহ বিভিন্ন দাবিতে বেসরকারী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) শিক্ষার্থীরা রোববার নগরীর খুলশী থানার ফয়`স লেক এলাকায় ক্যাম্পাসের সামনে আবারও প্রায় এক ঘণ্টারও বেশি সময় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শিক্ষার্থীদের অবরোধের কারণে ফয়`স লেকের আশপাশের সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এসময় কয়েক কিলোমিটার এলাকাজুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। নগর পুলিশের কোতয়ালী জোনের সহকারী কমিশনার আব্দুল মান্নান বাংলানিউজকে বলেন, `শিক্ষার্থীরা রাস্তা বন্ধ করে বিক্ষোভ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক প্লাটুন পুলিশ পাঠানো হয়েছিল। তারা শিক্ষার্থীদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছেন।`
পুলিশ সূত্র জানায়, কয়েক সপ্তাহ ধরে চলা এ আন্দোলনের এক পর্যায়ে রোববার সকাল সোয়া ১১টার দিকে শিক্ষার্থীরা রাস্তায় নামে। তারা সড়কে অবস্থান নিয়ে উপাচার্য এবং তার ছেলের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন। এসময় খুলশী থানার ওসি আব্দুল লতিফের নেতৃত্বে কয়েক প্লাটুন ইউএসটিসি`র সামনে অবস্থান নেন। বেলা সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে ফের ক্যাম্পাসে ঢুকে পড়েন। গত ৪ জানুয়ারি থেকে ‘ইউএসটিসির উপাচার্য ও তার পুত্রের স্বেচ্চাচারিতার বিরুদ্ধে সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ ছাত্র-ছাত্রীবৃন্দ’ ব্যানারে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে তারা আরও কয়েকবার সড়ক অবরোধ করেন। আন্দোলনের এক পর্যায়ে ইউএসটিসি কর্তৃপক্ষ ১৪ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়। এরপর বিশ্ববিদ্যালয় খুললে শিক্ষার্থীরা ফের আন্দোলনে নামেন। এর এক পর্যায়ে গত ১৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। উল্লেখ্য জাতীয় অধ্যাপক ডা.নূরুল ইসলাম ইউএসটিসি`র প্রতিষ্ঠাতা। বধ্যভূমির জায়গায় ইউএসটিসি`র ফ্যাকাল্টি নির্মাণের অভিযোগ আছে তার বিরুদ্ধে। এ নিয়ে চট্টগ্রামে বিভিন্ন আন্দোলন-সংগ্রামের পর বিষয়টি এখন আদালতে গড়িয়েছে।
