চট্টগ্রাম, ২২ জানুয়ারি : চট্টগ্রাম বিভাগ থেকে মালয়েশিয়া যেতে আগ্রহীদের নাম নিবন্ধন কার্যক্রম সোমবার বিকেল পাঁচটায় শেষ হয়েছে। আজ মঙ্গলবার বিকেল চারটায় জেল প্রশাসক কার্যালয়গুলোতে জেলা প্রশাসন বা তার প্রতিনিধির উপস্থিতিতে লটারীর মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিতদের মনোনীত করা হবে। পরে তথ্য যাচাই ও শারীরিক সক্ষমতা যাচাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
এর আগে গত শনিবার থেকে চট্টগ্রাম বিভাগে মালয়েশিয়া যেতে আগ্রহীদের নাম নিবন্ধন কার্যক্রম শুরু হয়।জেলা জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক জহিরুল আলম মজুমদার জানান, নিবন্ধন শুরুর পর থেকে গত তিনদিনে এ বিভাগের ১১টি জেলা থেকে দু`লক্ষ সাত হাজার ৬০৪ জন আগ্রহী কর্মী নাম নিবন্ধন করার তথ্য পাওয়া গেছে। তবে সার্ভারের বিড়ম্বনার কারণে কয়েকটি জেলা থেকে পূর্ণাঙ্গ তথ্য না আসায় নিবন্ধনের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন
চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় সূত্র জানায়, মালয়েশিয়া যেতে কুমিল্লা জেলা থেকে সবচেয়ে বেশি আগ্রহী কর্মী নাম নিবন্ধন করেছেন। এ জেলায় নিবন্ধনকৃত কর্মীর সংখ্যা ৪০ হাজার ৬৩৩ জন। এছাড়া চট্টগ্রাম জেলা হতে ৩৭ হাজার ২১৩ জন, ব্রাক্ষ্মণবাড়িয়া থেকে ২৮ হাজার ৪৭৮ জন, বান্দরবান থেকে ৩ হাজার ২৫৩ জন, কক্সবাজার থেকে ১৩ হাজার ৩৬১জন, ফেনী থেকে ১১ হাজার ৩৭০ জন, খাগড়াছড়ি থেকে ৪ হাজার ৪৪৩ জন, লীপুর থেকে ১৬ হাজার ৬৪৫ জন, নোয়াখালী থেকে ২৮ হাজার ৭৬৭ জন এবং রাঙামাটি থেকে ৪ হাজার ৬৬৯ জন কর্মী নাম নিবন্ধন করেছেন।
উল্লেখ্য, মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে বৃক্ষরোপণ (প্ল্যান্টেশন) খাতে ১০ হাজার কর্মী নিয়োগের চাহিদাপত্র দেওয়া হয়েছে। এরপর এ খাতে আরও ২০ হাজার কর্মী নিয়োগ করা হবে। দেশের সবগুলো জেলা থেকে জনসংখ্যার ভিত্তিতে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই লক্ষ্যে দেশের বিভিন্ন জেলায় নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে গত ১৪ জানুয়ারি থেকে।
