Monday, 21 January 2013

বাচ্চু রাজাকারের ফাঁসির রায় ঃ চট্টগ্রামে আ`লীগের আনন্দ শোভাযাত্রা, মিষ্টি বিতরণ

চট্টগ্রাম, ২১ জানুয়ারী : মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের ফাঁসির আদেশ হওয়ায় নগরীতে আনন্দ শোভাযাত্রা করেছে মহানগর আওয়ামী লীগ। এসময় জনসাধারণের মাঝে আওয়ামী লীগের পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হয়।
সোমবার বিকেল দলীয় কার্যালয় দারুল ফজল মার্কেট থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়। শোভাযাত্রায় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। তিনি এসময় মুক্তিযোদ্ধাদের মিষ্টিমুখ করান। এছাড়া শোভাযাত্রায় উপস্থিত জনগণের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
শোভাযাত্রার আগে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম সুজন, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান, মহানগর ছাত্রলীগের সভাপতি এম আর আজিম প্রমুখ।
সমাবেশে সভাপতির বক্তব্যে সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী বলেন, `একাত্তরের মহান মুক্তিযুদ্ধে রাজাকার-আলবদর বাহিনীর সহযোগিতায় পাকিস্তানী হানাদার বাহিনী আমাদের মা-বোন নির্যাতন করেছে এবং শিশুদের হত্যা করেছে। তবে স্বাধীন দেশের মাটিতে সেসব রাজাকার-আলবদরদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একজনের ফাঁসির আদেশ দিয়েছে।`
তিনি বলেন, `মানবতাবিরোধী অপরাধে জড়িত সকলের বিচার পর্যায়ক্রমে সম্পন্ন হবে। কেউ বিচারের হাত থেকে রেহাই পাবে না। এদেশের মাটিতেই যুদ্ধাপরাধীদের ফাঁসির কাষ্টে ঝুলানো হবে।`
তিনি আরও বলেন, `দেশের স্বাধীনতাবিরোধী একদল চক্রান্তকারী অন্যায় কাজ করার জন্য লুকিয়ে ও উৎপেতে আছে। তারা হুমকি দিচ্ছে। তবে হুমকি দিয়ে বাঙালিদের দমন করা যাবে না। তাদের হুমকিতে দেশের দামাল ছেলেরা ভীত নন। ত্রিশ লাখ শহীদদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। শহীদদের রক্তে ভেজা এদেশের মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার কাজ সম্পন্ন হবে এবং রায় কার্যকর হবে।`সমাবেশে অন্যান্য বক্তারা মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারের ফাঁসির আদেশ হওয়ায় সরকারকে ধন্যবাদ জানান এবং দ্রুত সময়ের মধ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন করে বিচার রায় কার্যকর করার জন্য সরকারের প্রতি আহবান জানান। এদিকে একই ঘটনায় দারুল ফজল মার্কেট চত্বরে বিকেল সাড়ে চারটার দিকে সমাবেশ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ড। সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা কমান্ডার মোহাম্মদ সাহাবউদ্দিন, সহকারী কমান্ডার এ কে এম সরওয়ার কামাল, বশির আহমদ মজুমদার।
সমাবেশে বক্তারা বলেন, `বাচ্চু রাজকারের ফাঁসির আদেশে জাতি আজ আনন্দিত। মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী অন্যান্য রাজাকার-আলবদরদেরও বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে। জাতি আজ কলঙ্কমুক্ত হওয়ার অপেক্ষায় আছে।`