Tuesday, 29 January 2013

বাঁশখালীতে জামায়াতের তান্ডব : চলছে হরতাল

চট্টগ্রাম: ২৯শে জানুয়ারী : নিউজডেস্ক : পুলিশের উপর হামলা, সংঘর্ষসহ ব্যাপক তান্ডবের পর চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় জামায়াত-শিবিরের ডাকে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল চলছে। এদিকে তান্ডবের ঘটনায় পুলিশ জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ কমপক্ষে পাঁচ হাজার জনকে আসামী করে বাঁশখালী থানায় একটি মামলা দায়ের করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, হরতাল চলাকালে বাঁশখালীর চাম্বল এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। চাম্বল বাজারে কোন দোকনপাট খুলেনি। ওই এলাকা দিয়ে যানবাহন চলাচলও বন্ধ আছে। সোমবার চাম্বল এলাকায় জামায়াত-শিবির পুলিশের উপর হামলা চালিয়েছিল।
এ হামলা এবং সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়। এর গ্রেপ্তার করা হয় জামায়াতের উপজেলা শাখার আমিরসহ ১৫ জনকে। চাম্বলের বাইরে বাঁশখালীর অন্যান্য এলাকার পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক আছে। উপজেলা এবং পৌর সদর সহ অন্যান্য এলাকায় দোকানপাটসহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান খোলা আছে। যানবাহন চলাচলও এসব এলাকায় তুলনামূলকভাবে স্বাভাবিক আছে। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মো.ইলতুৎমিশ বাংলানিউজকে বলেন, `চাম্বলে মানুষের মধ্যে কিছুটা আতংক আছে। বাজারে মাত্র দু`টি দোকান খুলেছে। অন্যান্য এলাকায় হরতালের কোন প্রভাব নেই।`এদিকে হরতাল চলাকালে সকাল থেকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা কোথাও মিছিল, সমাবেশ কিংবা পিকেটিংয়ের কোন চেষ্টা করেনি বলে পুলিশ সূত্র জানিয়েছে। এদিকে হরতালকে কেন্দ্র অপ্রীতিকর পরিস্থিতির আশংকায় বাঁশখালীর বিভিন্ন পয়েণ্টে তিন শতাধিক অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। বাঁশখালী থানার ওসি আব্দুস সবুর বাংলানিউজকে জানান, চাম্বলে পুলিশের উপর হামলার ঘটনায় উপ-পরিদর্শক (এস আই) মাকসুদ আহমেদ বাদি হয়ে দন্ডবিধির বিভিন্ন ধারায় ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেছেন। এতে উপজেলা জামায়াতের আমিরসহ ৬৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচ হাজার জনকে আসামী করা হয়েছে।