Wednesday, 12 June 2013

চিটাগাং চেম্বার তৃণমূল পর্যায়ের ব্যবসায়ীদের কাছে গিয়ে মতবিনিময় করবে ঃ চেম্বার সভাপতি

কে এম রুবেল (চট্টগ্রাম) : দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম বলেন-চিটাগাং চেম্বার বর্তমানে একটি গণমূখী চেম্বার। ব্যবসায়ীদের ন্যায্য দাবী আদায়ে চিটাগাং চেম্বার সদা সচেষ্ট। এক্ষেত্রে সর্বস্তরের ব্যবসায়ীদের বিভিন্ন সংকট, সমস্যা ও স্বার্থ রক্ষায় চেম্বার সর্বাত্মক সহায়তায় এগিয়ে আসবে এবং তৃণমূল পর্যায়ের ব্যবসায়ীদের দ্বোরগোড়ায় গিয়ে তাদের সাথে মতবিনিময় করবে।
১১ জুন বিকেলে তামাকুমন্ডি লেইন বণিক সমিতির নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত এক সভায় তিনি উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। চেম্বার সভাপতি আরো বলেন- জ্বালানী, বিদ্যুৎ ও নিরাপত্তাজনিত বিষয়সহ সাধারণ ব্যবসায়ীরা ভ্যাট ও ট্যাক্স সংক্রান্ত যেসকল প্রশাসনিক হয়রানীর সম্মুখীন হচ্ছেন সেসকল বিষয়ে ব্যবসায়ীদেরকে নিয়ে সংশ্লিষ্টদের সাথে সভা আয়োজনের মাধ্যমে  চেম্বার তা সুষ্ঠুভাবে নিরসনের চেষ্টা করবে। এছাড়া আসন্ন রমজান উপলক্ষে ভোগ্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখাসহ সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি সম্পর্কে চিটাগাং চেম্বারের আয়োজনে সংশ্লিষ্ট সকলকে নিয়ে ব্যাপকভাবে সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। এতে চেম্বার পরিচালকবৃন্দ মাহফুজুল হক শাহ, এম. এ. মোতালেব ও আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম বক্তব্য রাখেন। এ সময় পরিচালক  ছৈয়দ ছগীর আহমেদ ও মোঃ জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।
সভায় আরো বক্তব্য রাখেন তামাকুমন্ডি বণিক সমিতির সভাপতি মাহমুদুল হক চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মোঃ মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম, সমিতির উপদেষ্টাবৃন্দ এবং উপস্থিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা চিটাগাং চেম্বারের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার সমাধান ও কার্যকর উদ্যোগে চেম্বারের অভিভাবকত্ব কামনা করেন।