কে এম রুবেল (চট্টগ্রাম) : চট্টগ্রামে গার্মেন্টস ভিলেজ স্থাপন হলে অত্র অঞ্চলের পোশাক শিল্পে বিপ্লব সাধিত হবে বলে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম মত প্রকাশ করেন।
সম্প্রতি চট্টগ্রামের কালুরঘাটে “গার্মেন্টস ভিলেজ” স্থাপনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন’র মেয়র মোহাম্মদ মনজুর আলম’র গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষিতে ১১ জুন এক প্রেরিত পত্রে চেম্বার সভাপতি এ মন্তব্য করেন। পত্রে তিনি বলেন- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রায় ১১ একর জমিতে প্রস্তাবিত “সাম্পান স্যাটেলাইট টাউন প্রকল্প” বাতিল করে “গার্মেন্টস ভিলেজ” স্থাপনের এ উদ্যোগ দেশের প্রধান রপ্তানি খাত তৈরীপোশাক শিল্পে বিরাজমান সাম্প্রতিক অস্থিরতা ও সংকট নিরসনের জন্য একটি ইতিবাচক ও সময়োপযোগী সিদ্ধান্ত। চেম্বার সভাপতি তৈরীপোশাক শিল্পের বিকাশ ও নিরাপদ কর্ম পরিরেশ বজায় রাখার স্বার্থে স্থানীয় প্রশাসন, নগর উন্নয়ন কর্তৃপক্ষ ও আইন-শৃংখলা রক্ষাকারী সংস্থাসহ সংশ্লিষ্ট বিভাগসমূহের সমন্বয়ে একটি “আন্তঃকর্তৃপক্ষীয় সমন্বয় কমিটি” ও তৈরীপোশাক শিল্পের জন্য স্বতন্ত্র “গার্মেন্টস ভিলেজ” স্থাপনের জন্য চিটাগাং চেম্বার বিভিন্ন সময়ে প্রস্তাবনা দিয়ে এসেছে বলেও পত্রে উল্লেখ করেন। তিনি তৈরীপোশাক রপ্তানি খাতে বর্তমানে যে সংকট দেখা দিয়েছে সিসিসি মেয়রের এ উদ্যোগের ফলে তা অনেকাংশেই মোচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।