Tuesday, 11 June 2013

জামিনে মুক্ত বাবুনগরী ফিরলেন চট্টগ্রামে

চট্টগ্রাম: ঢাকা অবরোধে ব্যাপক সহিংসতার পর গ্রেপ্তার হওয়া হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী জামিনে মুক্তির পর চট্টগ্রামে ফিরেছেন। অসুস্থ বাবুনগরীকে মঙ্গলবার ভোরে নগরীর প্রবর্তক মোড়ে বেসরকারী সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জামিনে মুক্তির পর বাবুনগরী ঢাকায় বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে সোমবার রাত ৯টা ২০ মিনিটে অ্যাম্বুলেন্সযোগে তাকে চট্টগ্রামে পাঠানো হয়। মঙ্গলবার সকাল ৭টার দিকে বাবুনগরীকে সিএসসিআর হাসপাতালের সিসিইউ বিভাগে ভর্তি করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এদিকে বাবুনগরীর জামাতা মো.আবদুল্লাহ সংবাদ মাধ্যমকে জানান, বাবুনগরীর অবস্থা আগের চেয়ে ভাল। তবে তার ফুসফুস, কিডনি এবং পায়ে এখনও কিছুটা সমস্যা আছে।
তিনি জানান, বাবুনগরীর বৃদ্ধা মায়ের শারিরীক অবস্থাও সংকটাপন্ন। এজন্য জামিনে মুক্তির পর থেকে বাবুনগরী তার মাকে দেখার আগ্রহ প্রকাশ করেন। মূলত মাকে দেখার জন্যই বাবুনগরী চট্টগ্রামে ফিরেছেন বলে জানান আবদুল্লাহ। গত ৫ মে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধে ব্যাপক তান্ডব ও সহিংসতার ঘটনা ঘটে। পরদিন বাবুনগরীকে ঢাকার লালবাগে মাদ্রাসার পাশ থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের তাকে কয়েক দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। রিমান্ডে বাবুনগরী অবরোধে সহিংসতার জন্য ১৮ দলকে দায়ী করে বলেন, হেফাজতে ইসলাম অবরোধ কর্মসূচী দিলেও এর নিয়ন্ত্রণ ছিল ১৮ দলের নেতাদের হাতে।   রিমান্ডে থাকা অবস্থায় বাবুনগরী গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ৩০ মে তাকে জামিন দেন আদালত।