চট্টগ্রাম: বন্দরনগরী চট্টগ্রামের নবগঠিত সদরঘাট থানার আলকরণ এলাকায় এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত পৌনে ১২টার দিকে পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে ডেকে নিয়ে দুর্বৃত্তরা এ হত্যার ঘটনা ঘটায়। নিহত কলেজ ছাত্র হলেন রিটু ঘোষ (২৫)। তিনি নগরীর আলকরণ এলাকার দোভাষ কলোনির অধীর ঘোষের পুত্র। রিটু চন্দনাইশের গাছবাড়িয়া সরকারী কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র। রিটুর বন্ধু হুমায়ুন সংবাদ মাধ্যমকে জানান, শনিবার রাতে রিটু তাদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান সোনিয়া ফার্মেসিতে ছিলেন।
রাত পৌনে ১২টার দিকে কয়েকজন অজ্ঞাতপরিচয়ের যুবক রিটুকে ডেকে নিয়ে তার ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বরত নায়েক বাশার সংবাদ মাধ্যমকে জানান, গুরুতর আহত অবস্থায় রিটুকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী হত্যাকান্ডের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমরা এ হত্যাকান্ডের এখনো পর্যন্ত কোনো কারণ খুঁজে পায়নি। তবে তদন্ত করে দেখছি।’ সদরঘাট থানার ওসি জানান, এ হত্যাকান্ডের ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
